× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডেপুটি স্পিকার পদ নিয়ে জামায়াত এনসিপির দ্বন্দ্ব

আসাদুজ্জামান সম্রাট

প্রকাশ : ০৪ মার্চ ২০২৬ ১১:৪৪ এএম

বাংলাদেশ জাতীয় সংসদে ডেপুটি স্পিকার পদ নিয়ে জামায়াত এনসিপির মধ্যে দ্বন্দ্ব দেখা দিয়েছে।

বাংলাদেশ জাতীয় সংসদে ডেপুটি স্পিকার পদ নিয়ে জামায়াত এনসিপির মধ্যে দ্বন্দ্ব দেখা দিয়েছে।

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার পদটি সংসদীয় বিরোধী দল জামায়াতে ইসলামীকে দেওয়ার ইচ্ছা পোষণ করেছে সরকার। তবে জুলাই জাতীয় সনদের বাস্তবায়নের আগে এ পদ নেওয়া হবে কি না, তা নিয়ে দ্বিমত রয়েছে দলটির নেতাদের মধ্যে। অন্যদিকে জুলাই সনদের আগে হোক বা পরে হোক, জাতীয় সংসদের আকর্ষণীয় এই পদটি নিতে তোড়জোড় শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি- এনসিপি। তারা এই পদে সদস্য সচিব আখতার হোসেনকে দেখতে চান।

উল্লেখ্য, গণভোটের ফল অনুযায়ী সংবিধান সংস্কার করা হলে আইনসভার স্পিকারের পাশাপাশি দুটি ডেপুটি স্পিকারের পদ সৃজন করা হবে। যার একটি পাবে বিরোধী দল। এদিকে বিএনপির নির্বাচনী ইশতেহারের প্রথম অধ্যায়ের সাংবিধানিক সংস্কার অংশের ৯ নম্বর অনুচ্ছেদেও বলা হয়েছে, ‘আইনসভার উভয়কক্ষে দুইজন ডেপুটি স্পিকারের মধ্য থেকে একজন ডেপুটি স্পিকার সরকারদলীয় ব্যতীত অন্যান্য সদস্যের মধ্য থেকে মনোনীত করা হবে।’

প্রধানমন্ত্রীসহ বিএনপির শীর্ষ নেতারা নীতিগতভাবে গণভোটের ফলাফল বাস্তবায়নের আগেই বিদ্যমান সংবিধানে উল্লিখিত একটি ডেপুটি স্পিকার পদ দিতে চাইছেন বিরোধী দল জামায়াতে ইসলামীকে। গত শনিবার জামায়াতের ইফতার মাহফিলের পর চা চক্রে প্রধানমন্ত্রী তারেক রহমান জামায়াতের আমির ডা. শফিকুর রহমানকে প্রস্তাব দিয়েছেন, ডেপুটি স্পিকার পদে জামায়াতের পক্ষ  থেকে একজনকে মনোনয়ন দিতে। সে সময়ে জামায়াতের আমির বলেছেন, গণভোটের ফল অনুযায়ী সংবিধান সংস্কারের নিশ্চয়তা পেলে তারা ডেপুটি স্পিকার পদ নিতে চান।

ওই চা চক্রে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। জামায়াতের পক্ষে উপস্থিত ছিলেন এটিএম আজহারুল ইসলাম, ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের ও সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদসহ আরও কয়েকজন নেতা। বৈঠকে গণভোট ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়েও আলোচনা হয়।

বৈঠকে জামায়াত নেতারা গণভোটের ফল অনুযায়ী সাংবিধানিক সংস্কার ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, ডেপুটি স্পিকার নয়, গণভোটের ফলাফল অনুযায়ী জুলাই সনদকে একটি প্যাকেজ হিসেবে বাস্তবায়ন চায় জামায়াত। সংবিধান সংস্কার পরিষদের বিষয়টি নিষ্পত্তিও তাদের অগ্রাধিকারে রয়েছে। তবে, এ বিষয়ে সরকারি দলের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।

এরপর গত সোমবার স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জানান, ‘বিরোধী দলকে ডেপুটি স্পিকারের পদ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। দলের পক্ষ থেকে আমরা প্রধান বিরোধী দলকে মৌখিকভাবে ও সাক্ষাতে প্রস্তাব করেছি, তারা যেন ডেপুটি স্পিকার ঠিক করে। সেটি জাতীয় সংসদে স্পিকার নির্বাচনের দিন একই সঙ্গে অনুষ্ঠিত হতে পারে।’

ডেপুটি স্পিকার পদে আলোচনায় যারা 

জুলাই জাতীয় সনদ ২০২৫-এর প্রস্তাব অনুযায়ী, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নির্বাচন করার বিধান রাখা হয়েছে। রাষ্ট্রব্যবস্থা সংস্কারের অংশ হিসেবে গণতন্ত্র সুসংহত করতে বিরোধী দলের মতপ্রকাশের ও সংসদ পরিচালনায় অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে এই প্রস্তাব সনদে সংযুক্ত করা হয়েছে। যদিও বিদ্যমান সংবিধানে সাধারণত স্পিকার ও ডেপুটি স্পিকার উভয়ই সরকারি দল থেকে নির্বাচিত হন। কিন্তু জুলাই সনদে এই প্রথা পরিবর্তন করে বিরোধী দলকে ডেপুটি স্পিকারের পদ দেওয়ার কথা বলা হয়েছে।

জামায়াত সূত্রে জানা যায়, ডেপুটি স্পিকার পদে এখন পর্যন্ত চারজন সংসদ সদস্যের নাম আলোচনায় রয়েছে। এর বাইরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকেও মৌখিকভাবে দলের সদস্য সচিব আখতার হোসেনের নাম প্রস্তাব করা হয়েছে। জামায়াতের সংসদ সদস্যদের মধ্যে আলোচনায় আছেন পাবনা-১ আসন থেকে নির্বাচিত নাজিবুর রহমান মোমেন, ঢাকা-১৪ আসন থেকে নির্বাচিত ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম, কুড়িগ্রাম-৩ আসন থেকে নির্বাচিত ব্যারিস্টার মাহবুব সালেহী এবং পিরোজপুর-১ আসন থেকে নির্বাচিত মাসুদ সাঈদী। এদের মধ্যে নাজিবুর রহমান মোমেনের নাম সবচেয়ে এগিয়ে আছে। অন্যদিকে এনসিপি থেকেও ডেপুটি স্পিকার পদ চাওয়া হয়েছে। এনসিপির দায়িত্বশীল এক নেতা বলেন, ডেপুটি স্পিকার পদটি জোটের পক্ষ থেকে এনসিপিকে দেওয়ার জন্য মৌখিকভাবে জামায়াতে ইসলামীকে জানানো হয়েছে। সে ক্ষেত্রে রংপুর-৪ আসনের সংসদ সদস্য ও এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের নাম প্রস্তাব করা হয়েছে। আলোচনার মাধ্যমে আশা করি, এটি চূড়ান্ত হবে।

এ বিষয়ে জানতে চাইলে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ বলেন, ‘বিএনপি এ বিষয়ে আমাদের অফার করেছে। একই সঙ্গে জুলাই সনদের বিষয়টি রয়েছে। তবে এ বিষয় নিয়ে দলীয় ফোরামে আলোচনা করা হয়নি।’ তিনি বলেন, ‘জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নকেই গুরুত্ব দিচ্ছে জামায়াত।’

জামায়াত কী চায় : জামায়াতের একাধিক নেতার সঙ্গে কথা বলে ডেপুটি স্পিকার পদ নেওয়ার বিষয়ে তাদের মনোভাব জানা গেছে। জামায়াত মনে করে, গণভোটের রায় বাস্তবায়ন ছাড়া ডেপুটি স্পিকার পদ নেওয়া ঠিক হবে না। এই পদ এখনই নিলে সংবিধান সংস্কার পরিষদ, পিআর পদ্ধতিতে ১০০ আসনের উচ্চকক্ষ, সনদ অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশনসহ অন্যান্য কমিশন গঠিত না হলে পুরো প্রক্রিয়া থমকে যেতে পারে। কেউ কেউ বলছেন, ডেপুটি স্পিকার পদ নিলে, সরকারি দল গণভোটের রায় বাস্তবায়নের দায় থেকে মুক্তি পেয়ে যাবে। তাদের মতে, আগামী দিনে বিরোধী জোটের রাজনীতি জুলাই সনদকে কেন্দ্র করেই হবে। বিএনপি সনদের অনেক অংশে নোট অব ডিসেন্ট দিয়েছে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা