মালেকা ফেরদৌস
প্রকাশ : ২৫ মে ২০২৬ ২১:৩৭ পিএম
আপডেট : ২৫ মে ২০২৬ ২২:০৫ পিএম
ছেলেবেলায় আমার মা আমাকে এক আশ্চর্য সবুজের
গল্প শোনাতেন, দিগন্তচারী এক অশ্বারোহী কী করে
তার অলৌকিক ঘোড়ায় সওয়ার হতেন,
মাঠ, নদী, অরণ্যের প্রান্ত ছুঁয়ে সমুদ্রের তরঙ্গ পেরিয়ে
অরুণ বর্ণের অশ্বারোহী সবুজ শস্যের মাঠে ভোরের আলোয়
মেঘস্পর্শী পাহাড়ের মতো ঝলমলিয়ে উঠতেন,
অন্ধকারে বিদ্যুতের ঝিলিক ছড়াতেন, তার অশ্বখুরের ধ্বনি কায়াহীন সব
প্রেতাত্মাদের ভয় ধরিয়ে দিয়েছিল, সে ছিল
এক অফুরন্ত বীরত্বের গল্প-এক অনন্য সবুজের বিবরণ…!
মা বলতেন, কত বীরের জন্ম দিয়েছে এ সুফলা ভূমি…
কত পুণ্যবানেরা আশ্রয় নিয়েছেন এ মাটিতেই
কত লাঞ্ছনা আর দাসত্বের ইতিহাস
পেরিয়ে এসেছি আমরা।
চৈতন্যের গভীর হতে আজ যে তরঙ্গের কল্লোল বইছে
টেকনাফ থেকে তেঁতুলিয়া, মাঠে মাঠে জ্বলে উঠছে
যে সোনা রঙ ধান, স্বচ্ছতোয়া জলের আধার এই নদী,
পরম মমতায় তোমার সমুখে তুলে ধরা
এই যে পরমান্নের বাটি এই-ই আমাদের স্বাধীনতা,
নীলিমায় উড্ডীন লাল সবুজের পতাকা
প্রদীপ্ত সূর্যের মতো জ্বলছে এই-ই আমাদের স্বাধীনতা!