× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশের শিখা অনির্বাণ

সম্পাদকীয়

প্রকাশ : ২৫ মে ২০২৬ ১৮:৫৪ পিএম

আপডেট : ২৫ মে ২০২৬ ২২:০৩ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

একজন মানুষ তাঁর প্রত্যুৎপন্নমতিত্ব, সঠিক সিদ্ধান্ত এবং বলিষ্ঠ নেতৃত্বের দ্বারা যে একটি জাতির ইতিহাসের গতিধারা বদলে দিতে পারেন, সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান তাঁর অনন্য উদাহরণ। ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে মাত্র পঁয়ত্রিশ বছরের যুবক জিয়াউর রহমান জাতির ভয়ংকর সংকটের মুহূর্তে তাৎক্ষণিক যে সিদ্ধান্তটি নিতে পেরেছিলেন, তৎকালীন অনেক অভিজ্ঞ রাজনীতিক তা নিতে পারেননি। পাকিস্তানি হানাদার বাহিনী কর্তৃক প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আক্রান্ত হতে দেখে দেশপ্রেমিক সেনা কর্মকর্তা মেজর জিয়া অন্য অনেকের মতো চুপ থাকেননি। ‘উই রিভোল্ট’ বলে গর্জে উঠেছিলেন। বিদ্রোহ করেছিলেন পাকিস্তান সরকারের বিরুদ্ধে। ঘোষণা দিয়েছিলেন বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের। এই একটি মাত্র সিদ্ধান্ত ও সাহসী পদক্ষেপ সাধারণ্যে অজানা-অচেনা একজন মেজরকে মুহূর্তে পরিণত করেছিল ইতিহাসের মহানায়কে। তারপর নয় মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়ে স্বাধীন করেন প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে।

প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের জীবনী পর্যালোচনা করলে দেখা পাওয়া যায়, একজন দেশপ্রেমিক কর্মবীরের। যখনই মাতৃভূমি কোনো সংকটে পড়েছে, তিনি ধূমকেতুর মতো আবির্ভূত হয়ে রক্ষা করেছেন দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণকে। ১৯৭৫ সালের ঝ্ঞ্ঝাক্ষুব্ধ সময়ে তার দৃঢ় ও দূরদর্শী সিদ্ধান্ত দেশকে রক্ষা করেছিল সমূহ বিপদ থেকে। আর তারই ফলে এই দেশ, এই জাতির নেতৃত্ব দেওয়ার দায়িত্ব এসে পড়ে তাঁর ওপর। সে নেতৃত্ব দিতে গিয়ে তিনি দেখিয়েছেন অসামান্য সাফল্য। হয়ে উঠেছিলেন একজন সার্থক রাজনীতিবিদ। অথচ তিনি কখনোই রাজনীতিক ছিলেন না। শুধুমাত্র প্রজ্ঞা ও দেশপ্রেমকে পুঁজি করে একজন সেনানায়ক যে সফল রাষ্ট্রনায়কে পরিণত হতে পারেন, তারও সার্থক উদাহরণ শহীদ জিয়াউর রহমান। বলাটা অত্যুক্তি হবে না, যুগের পর যুগ রাজনীতি করে, বিপুল জনসমর্থন নিয়ে রাষ্ট্রক্ষমতায় এসে একজন রাজনীতিক যে সাফল্য দেখাতে পারেননি, রাজনীতি অনভিজ্ঞ জিয়াউর রহমান তার স্বল্পকালীন সরকার পরিচালনায় তা করে দেখিয়েছেন। তিনি প্রমাণ করেছেন, হৃদয়ে দেশপ্রেম, সততা, নিষ্ঠা এবং জনকল্যাণের মনোবৃত্তি থাকলে একজন সফল রাজনীতিবিদে পরিণত হওয়া যে কারও পক্ষেই সম্ভব। তবে সবাই তা পারেন না। আজ আমাদের চারদিকে যখন ভুয়া দেশপ্রেমিক এবং অসৎ ও ভণ্ড রাজনীতিকদের সমারোহ দেখি, তখনই মনে পড়ে জিয়াউর রহমানকে। দেশবাসী আজ তাঁর অভাব মর্মে মর্মে উপলব্ধি করে। একজন জিয়াউর রহমান যেভাবে বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি এবং সামাজিক-সাংস্কৃতিক ধারার ইতিবাচক দিক পরিবর্তন করতে সক্ষম হয়েছিলেন, ইতিহাসে তা অত্যন্ত বিরল। বিদ্যমান প্রেক্ষাপটে বাংলাদেশে আজ তার বড়ই প্রয়োজন। কিন্তু তিনি তো আর ফিরে আসবেন না। তবে তার নীতি, আদর্শ ও কর্মসূচি রেখে গেছেন এ জাতিকে পথ দেখানোর জন্য। একবিংশ শতাব্দীর নব্যবর্গীদের লুণ্ঠনে নিঃস্ব-প্রায় বাংলাদেশকে পুনরায় ঐশ্বর্যশালী করতে তাঁর আদর্শ ও কর্মসূচি অনুসরণের বিকল্প নেই।

বস্তুত বাংলাদেশের সামনে এগিয়ে চলার পথে শহীদ জিয়াউর রহমান এক অনন্ত বাতিঘর। তাঁর আদর্শ শিখা অনির্বাণ হয়ে জাতিকে আলোকিত করে চলেছে। সে আলোয় এগিয়ে যাব আমরা। শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকীতে এই হোক আমাদের দৃঢ় অঙ্গীকার।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা