আহসান হাবীব
প্রকাশ : ২৪ মে ২০২৬ ১২:২৮ পিএম
অলংকরণ : মিজান স্বপন
এক সকালে দুই বন্ধু গরুর হাটে যাচ্ছে গরু কিনতে
- কী কিনবি এবার? ছাগল না গরু?
- গরু
- তুই?
- আমি ঘরু
- মানে?
- তাও বুঝলি না হাটে চৌদ্দ ঘুরান দিয়ে যে গরু কেনা হয় সেটা আর গরু থাকে না, সেটা হয় ... ঘরু!
- বাহ ভালোই বলেছিস। তবে আমি এবার ভাবছি হাটের ভেতর ঢুকব না। হাটের বাইরেই দেখবি কিনে ফেলব। হাটের বাইরেও অনেকে দেখেছি গরু নিয়ে বসে থাকে। তোর মতো চৌদ্দ ঘুরান দিয়ে ‘ঘরু’ কিনব না ... দেখিস।
তাই হলো প্রথম বন্ধু ঠিকই হাটের বাইরেই দিব্যি একটা দশাসই ষাঁড় কিনে ফেলল। দামেও সস্তা। এই গরুর দাম হাটের ভেতর দেড় লাখ টাকার নিচে হবে না। কিন্তু বন্ধু কিনে ফেলল মাত্র ষাট হাজার টাকায়, কী করে সম্ভব! বন্ধু হৃষ্ট চিত্তে ষাঁড় নিয়ে বাড়ির দিকে রওনা দিল। আর ওই দ্বিতীয় বন্ধু হাটের ভেতর দারদাম করতে করতে চৌদ্দ ঘুরান ঘুরতে লাগল ‘ঘরুর’ সন্ধানে।
কিন্তু এদিকে একটা কাণ্ড হলো। যে গরুর ব্যাপারী মাত্র ষাট হাজার টাকায় গরু বেচল প্রথম বন্ধুর কাছে তাকে আশপাশের ক্রেতারা চেপে ধরল।
- ভাই এত চমৎকার একটা গরু মাত্র ষাট হাজার টাকায় দিয়ে দিলেন ঘটনাটা কী? আমি তো সত্তর হাজার দিতে রাজি ছিলাম।
গরুর ব্যাপারী মুচকি মুচকি হাসে। কিছু বলে না। কিন্তু লোকজন নাছোড়বান্দা।
- কী ভাই বলেন না কেন এত সস্তায় ছাড়লেন গরুটা?
- নিশ্চয়ই কাহিনী আছে
- কাহিনীটা কী? বলেন না।
গরুর ব্যাপারী ফের মুচকি হেসে বলে ‘একটু অপেক্ষা করুন নিজ চক্ষেই দেখতে পাবেন কেন এত সস্তায় বেচলাম।’
আর কী আশ্চর্য সবাই অবাক হয়ে দেখল ব্যাপারীর একটু আগে ষাট হাজার টাকায় বিক্রি করা গরু ছুটতে ছুটতে ফিরে এসে তার গা ঘেঁষে দাঁড়াল।
এখন বুঝলেন কাহিনী? সবাই হতভম্ব হয়ে মাথা নাড়ল।
- এই নিয়া এই গরু তিনবার বেচলাম। প্রথম বার আশি হাজার পরের বার সত্তর হাজার এরপর আপনারাই দেখলেন ষাট হাজারে বেচলাম। এখন বেচুম পঞ্চাশ হাজারে আছেন কেউ নেওয়ার? তবে গরু আপনার বাড়ি পর্যন্ত নিতে পারবেন কি না এই গ্যারান্টি আমি কইলাম দিতে পারুম না। হে হে হে... আমার ট্রেনিং দেওয়া গরু।
সবার চক্ষের সামনে সত্যি সত্যি পঞ্চাশ হাজার টাকায় গরু বিক্রি করে লোক হাঁটা দিল। হতভম্ব জনগণের দিকে তাকিয়ে বলল-
- এক হাটে চাইর বারের বেশি বিক্রি করি না। যাই...এইবার অন্য হাটে যাই।
- কিন্তু তোমার গরু কী যে হাটে যাচ্ছ সেই হাট চিনতে পারবে?
- পারবে মানে? ... কইলাম না ট্রেনিং দেওয়া গরু।
ওদিকে দ্বিতীয় বন্ধু পঁয়ষট্টি হাজারে দিব্যি একটা গরু (থুড়ি ঘরু কিনে) কিনে হাশিল-মাশিল দিয়ে বের হলো হাট থেকে। বাইরে এসে দেখে তার বন্ধু এদিক ওদিক উদভ্রান্তের মতো ছুটছে!
- কিরে ছোটাছুটি করছিস তোর গরু কই?
- ওইটাকেই খুঁজছি। হাট থেকে গরু নিয়ে বাড়ির কাছাকাছি চলে গিয়েছিলাম। আচমকা দড়ি ছাড়িয়ে ছুটে বের হয়ে গেল গরুটা। এখন আর পাচ্ছিই না কোথাও। ভাবলাম হাটের দিকে আসল কি না।
- এই জন্যই তো আমি হাটের বাইরে থেকে গরু না কিনে হাটের ভেতরে চৌদ্দ ঘুরান দিয়ে ঘরু কিনি।
ঘরু নিয়ে হাঁটা দিল দ্বিতীয় বন্ধু। আর প্রথম বন্ধু...? থাক তার কথা আর নাই বলি।