পবিত্র হজ
আলেমা আরিফা ইয়াসমিন
প্রকাশ : ০৪ মে ২০২৬ ১৫:০৯ পিএম
ছবি : সংগৃহীত
হজে গেলে প্রতি ওয়াক্ত নামাজ আপনাকে জামাতে পড়তে হবে। তাই পরিচিত কারও কাছ থেকে জামাতে নামাজ পড়ার নিয়মটি জেনে নিন।
• হজ বা ওমরাহে গেলে অনেক দোয়া, দরুদ, সুরা, আয়াত মুখস্থ করতে হবে- তা নয়। কাজেই সব দোয়া মুখস্থ করতে গিয়ে চিন্তা করবেন না। বই দেখে দেখে সবকিছু পড়া যাবে। শুধু নিয়মগুলো জেনে নেবেন কোথায় কী করতে হবে।
• নারীদের হজে যেতে হলে মাহরামের প্রয়োজন হয়।
• নারীরা ইহরাম হিসেবে সেলাই করা যেকোনো পোশাক পরতে পারেন।
• ইহরাম অবস্থায় নারীরা মুখমণ্ডল আবৃত রাখবেন না।
• ইহরাম অবস্থায় নারীরা গয়না পরতে পারবেন। জুতা, স্যান্ডেল এবং মোজা পরতে পারবেন।
• নারীদের ইজতিবা করতে হবে না।
• তাওয়াফের প্রথম তিন চক্করে দ্রুত ও বীরদর্পে চলাকে রমল করা বোঝায়। নারীদের জন্য রমল করারও প্রয়োজন নেই।
• ঋতুমতী নারীদের জন্য নামাজ আদায় ও তাওয়াফ করা যাবে না। এ ছাড়া ইহরাম বাঁধা, সাঈ করা এবং হজের অন্যান্য কার্যক্রম করা যাবে।
• সাঈ করার পুরো অংশই তারা স্বাভাবিক গতিতে চলবেন।
• ওমরাহ বা হজের পর নারীরা তাদের চুলের সামান্য অংশ (প্রায় ১ সেন্টিমিটার বা আঙুলের এককড় পরিমাণ) কাটবেন।
• মিনা ও আরাফাহর তাঁবুতে যথাসম্ভব সময়কে কাজে লাগিয়ে দোয়া, দরুদ, তাসবিহ, তাহলিল, তওবা ও ইস্তিগফার পাঠ করা উত্তম।
• মদিনার মসজিদে নববীতে বেশি বেশি দরুদ ও কুরআন তিলাওয়াত করতে পারেন।
• হজরত মুহাম্মদ (সা.)-এর রওজা মোবারকের সামনে ধাক্কাধাক্কি, তাড়াহুড়া বা উচ্চস্বরে কথা না বলে অত্যন্ত আদবের সঙ্গে দরুদ ও সালাম পেশ করুন। রিয়াজুল জান্নাতে নম্র ও বিনয়ের সঙ্গে সুবিধামতো নামাজ আদায় করতে পারেন।
• নারীরা অন্যের পক্ষে হজ বা বদলি হজ করতে পারবেন। নারীরা ছোট বাচ্চা নিয়েও হজ করতে পারবেন।
লেখক : সিনিয়র শিক্ষিকা, জামিয়া ইসলামিয়া বালিকা মাদ্রাসা, মাগুরা