ইসলামী ব্যাংক হজ কার্ড
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৪ মে ২০২৬ ১৩:৩০ পিএম
পবিত্র কাবা শরিফের সামনে দাঁড়িয়ে ইবাদতে মগ্ন হওয়ার আকাঙ্ক্ষা প্রতিটি মুসলমানের জীবনের অন্যতম শ্রেষ্ঠ স্বপ্ন। মহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে হজ পালনের উদ্দেশ্যে ঘর ছাড়ার এই আধ্যাত্মিক সফর যেন দুশ্চিন্তামুক্ত ও প্রশান্তিতে ভরা থাকে- সেই লক্ষ্যেই দীর্ঘদিন ধরে হজযাত্রীদের সেবায় কাজ করে যাচ্ছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। এই যাত্রাকে আরও নির্বিঘ্ন, নিরাপদ ও আধুনিক করতে ব্যাংকটি চালু করেছে ‘ইসলামী ব্যাংক হজ প্রি-পেইড কার্ড’, যা ইতোমধ্যে হজযাত্রীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে।
হজের প্রস্তুতিতে নানা আয়োজনের পাশাপাশি সবচেয়ে বড় উদ্বেগগুলোর একটি হলো অর্থ ব্যবস্থাপনা। বিদেশ ভ্রমণে নগদ অর্থ বহন কিংবা বৈদেশিক মুদ্রা বিনিময়ের জটিলতা অনেক সময় যাত্রীদের মানসিক চাপ বাড়িয়ে দেয়। এসব সমস্যার কার্যকর সমাধান হিসেবে প্রি-পেইড কার্ডটি ব্যবহারকারীদের জন্য একটি নির্ভরযোগ্য মাধ্যম হয়ে উঠতে পারে। বিশেষ সুবিধা হলো- এই কার্ডটি পেতে ব্যাংকে আগে থেকে কোনো অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক নয়, ফলে সাধারণ গ্রাহকদের জন্য প্রক্রিয়াটি সহজ ও ঝামেলামুক্ত। তিন বছর মেয়াদি এই কার্ডে সর্বোচ্চ ৪৫০০ সৌদি রিয়াল সমপরিমাণ প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত জমা রাখা যায়, যা সৌদি আরবে অবস্থানকালে দৈনন্দিন লেনদেনকে করে তোলে সহজ, দ্রুত ও স্বাচ্ছন্দ্যময়।
কার্ডের আবেদন প্রক্রিয়া সহজতর করা হয়েছে, যাতে হজ প্রস্তুতিতে কোনো ধরনের বিঘ্ন না ঘটে। আগ্রহী গ্রাহকরা নিকটস্থ ইসলামী ব্যাংক শাখায় গিয়ে একটি ‘সার্ভিস রিকোয়েস্ট ফর্ম’ পূরণ করেই আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে প্রয়োজন হবে পাসপোর্ট, ভিসার কপি, জাতীয় পরিচয়পত্র, দুই কপি ছবি, ঠিকানার প্রমাণপত্র এবং একটি সচল মোবাইল নম্বর। সহজ এই প্রক্রিয়ার মাধ্যমে অল্প সময়েই কার্ডটি সংগ্রহ করা সম্ভব।
ডিজিটাল সুবিধার দিক থেকেও কার্ডটি সমসাময়িক প্রযুক্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। সৌদি আরবে অবস্থানকালেও ব্যবহারকারী তার আর্থিক লেনদেনের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ রাখতে পারবেন। ধর্ম মন্ত্রণালয়ের ‘লাব্বাইক’ অ্যাপে কার্ডটি সংযুক্ত করে সহজেই ব্যাল্যান্স ও লেনদেনের বিস্তারিত জানা যাবে। পাশাপাশি ইসলামী ব্যাংকের নিজস্ব অ্যাপ ‘সেলফিন’-এর মাধ্যমেও কার্ডের সর্বশেষ তথ্য দেখা সম্ভব, তবে এর জন্য ব্যবহৃত সিমে রোমিং সক্রিয় থাকতে হবে। এতে করে দূরদেশে থেকেও ব্যবহারকারীরা তাদের অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও নিয়ন্ত্রণ বজায় রাখতে পারবেন।
খরচের দিক থেকেও এই কার্ডটি বেশ সাশ্রয়ী। সৌদি আরবে পস (POS) মেশিনে কেনাকাটার সময় মাত্র ১% চার্জ প্রযোজ্য হয়, যা সাধারণ কার্ডের তুলনায় অনেকটাই কম। একইভাবে, জরুরি প্রয়োজনে এটিএম থেকে নগদ অর্থ উত্তোলনের ক্ষেত্রেও খরচ নির্ধারণ করা হয়েছে উত্তোলিত অর্থের ১% এর সঙ্গে ১ ডলার। ফলে ব্যবহারকারীরা অপ্রয়োজনীয় অতিরিক্ত খরচের চাপ ছাড়াই প্রয়োজনীয় আর্থিক সেবা গ্রহণ করতে পারবেন।
নিরাপত্তা নিশ্চিতে গ্রাহকদের জন্য নির্দিষ্ট নির্দেশনাও দেওয়া হয়েছে। কার্ড হাতে পাওয়ার পর বাংলাদেশ থেকে রওনা হওয়ার আগে যেকোনো ইসলামী ব্যাংক এটিএম বুথে গিয়ে চার সংখ্যার একটি গোপন পিন (PIN) সেট করতে হবে। এ প্রক্রিয়ায় ব্যাংকের প্রতিনিধিরা গ্রাহকদের সহায়তা করে থাকেন। তবে কার্ডের ১৬ ডিজিট নম্বর, সিভিভি (CVV) কোড এবং পিন নম্বর সম্পূর্ণ ব্যক্তিগত তথ্যÑ এগুলো কারও সঙ্গে শেয়ার না করাই নিরাপত্তার প্রধান শর্ত। গ্রাহকের সচেতনতা ও সতর্কতাই এ ক্ষেত্রে সবচেয়ে বড় সুরক্ষা হিসেবে কাজ করে।
ইতোমধ্যে হজ প্রি-পেইড কার্ডটি হজযাত্রীদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করছে। দুশ্চিন্তামুক্ত, সাশ্রয়ী ও নিরাপদ হজ সফর নিশ্চিত করতে এটি একটি কার্যকর সমাধান হিসেবে বিবেচিত হচ্ছে। হজের মতো গুরুত্বপূর্ণ ইবাদতের সময় আর্থিক দুশ্চিন্তা থেকে মুক্ত থাকতে এই কার্ডটি হতে পারে একজন হজযাত্রীর বিশ্বস্ত সঙ্গী। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করা যাবে নিকটস্থ ইসলামী ব্যাংক শাখায়।