× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সরেজমিন হজ ক্যাম্প

ভোগান্তি পেরিয়ে স্বস্তির হজযাত্রা, সেবার মানে নতুন দিগন্ত

নুর মোহাম্মদ মিঠু

প্রকাশ : ০৪ মে ২০২৬ ১২:৪২ পিএম

আপডেট : ০৪ মে ২০২৬ ১২:৪৩ পিএম

হজ ক্যাম্প

হজ ক্যাম্প

পবিত্র হজব্রত পালনের উদ্দেশ্যে গত মঙ্গলবার নওগাঁ থেকে ঢাকার আশকোনা হজ ক্যাম্পে আসেন এয়াকুব আলী। তার ফ্লাইট ছিল গত বুধবার দুপুরে। যাত্রার আগে তিনি জানালেন, বাড়ি থেকে ক্যাম্পে এসে কোনো সমস্যায় পড়তে হয়নি; থাকা-খাওয়ার সুব্যবস্থা রয়েছে। গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গেই হজসেবকরা লাগেজ বহন করেছেন। ক্যাম্পে প্রবেশ করতেই প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের পানি দেওয়া হচ্ছে, এরপর বিনামূল্যে লাগেজ র‌্যাপিং- সব মিলিয়ে তাকে কোনো কষ্টই করতে হয়নি।

একই অভিজ্ঞতা শোনালেন কুমিল্লার রুহুল আমিন। তার ভাষায়, দায়িত্বশীলরা অত্যন্ত আন্তরিক, যেকোনো বিষয় সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছেন। কুড়িগ্রামের ফরমান আলী বললেন, ক্যাম্পে পৌঁছানোর সঙ্গে সঙ্গে স্বেচ্ছাসেবকরা লাগেজ বহন, পানি সরবরাহসহ সব ধরনের সহায়তা দিয়েছেন। চট্টগ্রাম থেকে আসা রহিমা বেগমও সন্তুষ্টি প্রকাশ করে বলেন, থাকা-খাওয়া নিয়ে কোনো অভিযোগ নেই; পরিবেশ পরিচ্ছন্ন, নারীদের জন্য পৃথক অজুখানা ও ওয়াশরুম থাকায় এবার ভোগান্তি নেই। আগে যা ছিল ইমিগ্রেশনে।

সরেজমিন দেখা গেছে, হজযাত্রীরা আসামাত্রই হজসেবকরা তাদের অভ্যর্থনা জানাচ্ছেন, লাগেজ বহন করছেন এবং ভেতরে র‌্যাপিং করে দিচ্ছেন। ক্যাম্পজুড়ে পরিচ্ছন্নতাকর্মীরা নিরবচ্ছিন্নভাবে কাজ করছেন। পাশাপাশি ফায়ার সার্ভিস, মশক নিয়ন্ত্রণ ইউনিটসহ সংশ্লিষ্টরাও সক্রিয় রয়েছেন। নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীর কড়াকড়ি নজরদারি রয়েছে। হজযাত্রী ও সংশ্লিষ্টরা ছাড়া কাউকেই ক্যাম্পের ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না; প্রবেশ করতে হচ্ছে পরিচয় নিশ্চিত করে। ফলে অতীতের মতো এবার নিরাপত্তা সংকটও নেই।

উল্লেখ্য, অতীতে হজ ক্যাম্পে অনিয়ম, অব্যবস্থাপনা, চুরি, অস্বাস্থ্যকর পরিবেশ ও নিম্নমানের খাবারের অভিযোগ ছিল নিয়মিত। অতিরিক্ত যাত্রীর চাপ, আবাসন সংকট, ফ্লাইট তথ্য বিভ্রাট, মশার উপদ্রব ও অনুপযোগী বাথরুম হজযাত্রীদের ভোগান্তির বড় কারণ হয়ে দাঁড়াত। তবে এবার দৃশ্যপট সম্পূর্ণ ভিন্ন। গত মঙ্গলবার দুপুর ১২টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত পরিদর্শনে কোনো বিশৃঙ্খলা বা অভিযোগ পাওয়া যায়নি। বর্তমান সরকারপ্রধান তারেক রহমানের নির্দেশনা এবং ধর্মমন্ত্রী কাজী মোফাজ্জল হোসেন কায়কোবাদের তদারকিতে হজ ব্যবস্থাপনায় এসেছে উল্লেখযোগ্য পরিবর্তনÑ প্রতিদিনের বাংলাদেশকে এমনটাই জানিয়েছেন ক্যাম্প সংশ্লিষ্টরা। 

হজ অফিসের ব্যবস্থাপনায় এখন শৃঙ্খলা ও সমন্বয়ের প্রতিফলন স্পষ্ট। তিন শিফটে শতাধিক হজসেবক কাজ করছেন। সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব, আনসার ও ফায়ার সার্ভিস সদস্যদের উপস্থিতিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। হেল্প ডেস্ক ও তথ্য সহায়তা কেন্দ্রের মাধ্যমে যাত্রীরা প্রয়োজনীয় তথ্য পাচ্ছেন সহজেই। পরিষ্কার-পরিচ্ছন্ন আবাসিক কক্ষ। নারীদের জন্য নতুন অজুখানা এবং ওয়াশরুম স্থাপনও বড় স্বস্তি এনে দিয়েছে। ক্যাম্পজুড়ে ওয়াটার ফিল্টার স্থাপন করে নিরাপদ পানির ব্যবস্থা করা হয়েছে।

খাবারের মানেও এসেছে পরিবর্তন। পর্যটন ক্যাফেটেরিয়া থেকে হজযাত্রীদের জন্য সরবরাহ করা হচ্ছে উন্নতমানের খাবার। প্রযুক্তিনির্ভর ‘Labbaik’ অ্যাপ যুক্ত হওয়ায় হজ ব্যবস্থাপনা আরও আধুনিক হয়েছে। এতে নামাজের সময়সূচি, হজ সিডিউল, আবহাওয়া, আবাসন ও ফ্লাইট তথ্য, লোকেশন ট্র্যাকিং, স্বাস্থ্যসেবা এবং জরুরি SOS সুবিধা রয়েছে। পাশাপাশি কুরআন-হাদিস, কিবলা নির্দেশনা ও ডিজিটাল তাসবিহসহ নানা ফিচার যুক্ত হয়েছে। গ্রামীণফোন, বাংলালিংক ও রবির বিশেষ রোমিং প্যাকেজের মাধ্যমে হজযাত্রীরা নিজস্ব সিম ব্যবহার করেই যোগাযোগ রাখতে পারছেন। 

হজ অফিসের পরিচালক (যুগ্ম সচিব) লোকমান হোসেন জানালেন, সরকারপ্রধানের নির্দেশনায় হজযাত্রীদের সন্তুষ্টি নিশ্চিত করাই মূল লক্ষ্য; ধর্মমন্ত্রী নিজেও গভীর রাত পর্যন্ত ক্যাম্পে থেকে কার্যক্রম তদারকি করছেন। তিনি বলেন, ‘আমরা হজযাত্রীদের সেবাকে পুণ্যময় মনে করেই কাজ করছি।’ 

এ বছর মোট ৭৮ হাজার ৫০০ হজযাত্রীর মধ্যে ৬৫ শতাংশ পুরুষ ও ৩৫ শতাংশ নারী। ইতোমধ্যে ৪৯ শতাংশ যাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। ফেরার পথে পুলিশ সদস্য হাফিজুর রহমান প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘অভিযোগ না থাকাই প্রমাণ করে এবার সেবার মান উন্নত হয়েছে। দক্ষ ব্যবস্থাপনা, উচ্চপর্যায়ের তদারকি ও প্রযুক্তির সমন্বয়ে এবারের হজ ব্যবস্থাপনা সুশৃঙ্খল, নিরাপদ ও যাত্রীবান্ধব হয়ে উঠেছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা