× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উপকূলে প্রসূতিদের ভরসা রিমা

আরেফিন লিমন, গলাচিপা (পটুয়াখালী)

প্রকাশ : ০৮ মার্চ ২০২৬ ১৬:২৬ পিএম

আপডেট : ১১ মার্চ ২০২৬ ১৫:০০ পিএম

ডিপ্লোমা চিকিৎসক ফাতিমা আক্তার রিমা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ডিপ্লোমা চিকিৎসক ফাতিমা আক্তার রিমা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পটুয়াখালীর গলাচিপা উপজেলার বিচ্ছিন্ন চরাঞ্চল চরকাজল ও চরবিশ্বাস ইউনিয়নের হাজারো প্রসূতি মায়ের কাছে এখন আস্থার নাম ডিপ্লোমা চিকিৎসক ফাতিমা আক্তার রিমা। দুর্গম যোগাযোগ ব্যবস্থা আর চিকিৎসা সংকটের মাঝেও তিনি গত দুই বছরে ২৪৩টি নিরাপদ নরমাল ডেলিভারি সম্পন্ন করে স্থানীয় মানুষের কাছে মানবিক সেবার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।

প্রত্যন্ত অঞ্চলের একজন নিবেদিতপ্রাণ নারী চিকিৎসক তিনি। অনেকের কাছে মনে হয়, তার হাতেই যেন আছে এক ধরনের জাদু। দরিদ্র পরিবারের প্রসূতি নারীদের সিজারিয়ান অপারেশনের বাড়তি খরচ ও শারীরিক ধকল থেকে রক্ষা করতে নরমাল ডেলিভারির মাধ্যমে ভরসা হয়ে উঠেছেন রিমা আক্তার। দুই বছর ধরে দিন-রাতের হিসাব না কষে গ্রামের কাঁচা-মেঠো পথ পাড়ি দিয়ে ছুটে যাচ্ছেন প্রসব বেদনায় কাতর নারীদের কাছে। কখনও গভীর রাত, কখনও ঝড়-বৃষ্টিÑ যখনই আহ্বান, তখনই ছুটে চলা। পৌঁছে যান তিনি তাদের বাড়িতে। তার সেবায় ইতোমধ্যে অসংখ্য মা নিরাপদে সন্তান জন্ম দিয়েছেন। চরাঞ্চলের এসব ইউনিয়নে দীর্ঘদিন ভালো মানের স্বাস্থ্যকেন্দ্রের অভাব রয়েছে। দুয়েকজন স্বাস্থ্যকর্মী থাকলেও নারী চিকিৎসকের অভাব ছিল প্রকট। সেই শূন্যতাই অনেকটা পূরণ করছেন রিমা আক্তার।

নরমাল ডেলিভারিকে গুরুত্ব দিয়ে তার এই মানবিক উদ্যোগ শুধু স্থানীয় মানুষের আস্থাই অর্জন করেনি, বরং প্রত্যন্ত অঞ্চলের গণ্ডি পেরিয়ে তার কাজের গল্প ছড়িয়ে পড়েছে দেশের নানা প্রান্তে। এখন অনেকের কাছেই তিনি হয়ে উঠেছেন নিরাপদ মাতৃত্বের এক নির্ভরতার নাম।

গলাচিপা উপজেলা সদর হাসপাতাল থেকে চরকাজল ও চরবিশ্বাস ইউনিয়নের দূরত্ব প্রায় ২৫ কিলোমিটার। এর মধ্যে প্রায় ৮ কিলোমিটার নদীপথ পাড়ি দিতে হয়। ট্রলার বা লঞ্চে যেতে প্রায় এক ঘণ্টা সময় লাগে এবং বিকাল ৫টার পর নৌযান চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। ঝড়-বৃষ্টির সময় উত্তাল নদী পার হওয়া অসম্ভব হয়ে পড়ে। ফলে জরুরি প্রসবসেবার ক্ষেত্রে দুই ইউনিয়নের লক্ষাধিক মানুষকে চরম দুশ্চিন্তার মধ্যে থাকতে হয়। অনেক সময় হাসপাতালে পৌঁছার আগেই মা ও নবজাতকের জীবন ঝুঁকিতে পড়ে।

এই বাস্তবতায় গত এক বছরে ডিপ্লোমা চিকিৎসক রিমা যেসব বাড়িতে নরমাল ডেলিভারি করাতে গেছেন, সেসব ক্ষেত্রে কোনো মা বা নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটেনি। নামমাত্র খরচে দিন-রাত ২৪ ঘণ্টা ফোন পেলেই ছুটে যান তিনি। মানবিক এই সেবাকে তিনি নিজের দায়িত্ব ও নেশা হিসেবে নিয়েছেন। আন্তর্জাতিক নারী দিবসের প্রাক্কালে উপকূলের দুর্গম চরাঞ্চলে অসহায় প্রসূতি মায়েদের পাশে দাঁড়িয়ে মানবিক সেবার যে নজির স্থাপন করেছেন ডিপ্লোমা ডা. ফাতিমা আক্তার রিমা, তা স্থানীয় মানুষের কাছে এক অনুপ্রেরণার গল্প হয়ে উঠেছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা