× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উত্তরাঞ্চলে মাতৃ স্বাস্থ্যসেবা

উজ্জ্বল রায়

প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬ ১৩:৫৯ পিএম

উজ্জ্বল রায়, প্রকল্প পরিচালক, জননী, সেভ দ্য চিলড্রেন বাংলাদেশ

উজ্জ্বল রায়, প্রকল্প পরিচালক, জননী, সেভ দ্য চিলড্রেন বাংলাদেশ

মা ও শিশুর জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং অপুষ্টি কমিয়ে টেকসই স্বাস্থ্য ও পুষ্টিব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে সেভ দ্য চিলড্রেন ১৯৭০ সাল থেকে বাংলাদেশে শিশুদের স্বাস্থ্য, পুষ্টি ও বেঁচে থাকার অধিকার নিশ্চিত করতে কাজ করছে। সংস্থাটি সরকার ও উন্নয়ন অংশীদারদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে মাতৃ ও শিশুস্বাস্থ্য উন্নয়ন এবং অপুষ্টি হ্রাসে অবদান রাখছে।

বাংলাদেশের প্রেক্ষাপটে বিশেষ করে উত্তরাঞ্চলে এখনও কিশোর বয়সে বিয়ে, অপ্রত্যাশিত গর্ভধারণ এবং স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত থাকার মতো সমস্যাগুলো প্রকট। বাংলাদেশের উত্তরের দুটি জেলা রংপুর ও লালমনিরহাটের বাস্তবতা হলো এর প্রকৃষ্ট উদাহরণ- যেখানে এখনও মাতৃ ও নবজাতক মৃত্যুহার, বাল্যবিবাহ, কিশোরী গর্ভধারণ এবং দারিদ্র্যের হার জাতীয় গড়ের চেয়ে তুলনামূলক বেশি এবং যেখানে গুণগত, সম্মানজনক ও দক্ষ স্বাস্থ্যসেবা এখনও সহজলভ্য নয়। এই প্রেক্ষাপটে জননী প্রকল্প বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সাথে সমন্বয় সাধনে ২০২৩ সাল থেকে রংপুরে মাতৃ ও নবজাতক স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালীকরণে কাজ শুরু করে।

পাঁচ বছর মেয়াদি প্রকল্পটি কোরিয়া ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (কোইকা)-এর অর্থায়নে সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশ-এর কারিগরি সহযোগিতায় মাঠ পর্যায়ে বাস্তবায়ন সহযোগী আরডিআরএস বাংলাদেশ-এর মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পটি জাতীয় স্বাস্থ্য কৌশলসমূহের সঙ্গে সমন্বয় সাধনে টেকসই পরিবর্তন আনতে বিদ্যমান জনস্বাস্থ্য অবকাঠামোর মাধ্যমে কাজ করে।

সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ও পরিষেবাগুলোকে শক্তিশালী করে এবং পরিষেবা প্রদানকারী, স্থানীয় কর্তৃপক্ষ ও সম্প্রদায়সমূহের মধ্যে সমন্বয় উন্নত করার মাধ্যমে জননী প্রকল্প মা ও নবজাতকদের চাহিদা মেটাতে বিশেষত দুর্গম ও সেবাবঞ্চিত এলাকায় স্বাস্থ্যব্যবস্থার সক্ষমতা বাড়াতে সহায়তা করছে। যদিও বাংলাদেশ মাতৃ ও শিশুমৃত্যু হ্রাসে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে, তবুও নানা প্রতিবন্ধকতা এখনও রয়ে গেছে। সরকার টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ, যার মধ্যে রয়েছে ২০৩০ সালের মধ্যে মাতৃমৃত্যুহার প্রতি লক্ষ জীবিত জন্মে ৭০ এবং নবজাতক মৃত্যুহার প্রতি হাজার জীবিত জন্মে ১২-তে নামিয়ে আনা। যার জন্য প্রয়োজন সার্বিক, অধিকারভিত্তিক ও শক্তিশালী স্বাস্থ্যব্যবস্থার উন্নয়ন। বিশেষ করে রংপুর বিভাগে পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক।

এখানে মাতৃমৃত্যুহার প্রতি লক্ষ জীবিত জন্মে ২২৩ (বিএমএমএস ২০১৬) এবং নবজাতক মৃত্যুহার প্রতি হাজার জীবিত জন্মে ৩০ (বিডিএইচএস ২০২২), যা জাতীয় লক্ষ্যমাত্রার তুলনায় অনেক বেশি। এ ছাড়াও পাঁচ বছরের কম বয়সি শিশুদের মৃত্যুহার প্রতি হাজার জীবিত জন্মে ৪১, এবং ১৫ থেকে ১৯ বছর বয়সি কিশোরীদের মধ্যে গর্ভধারণের হার ২৯%, যেখানে জাতীয় গড় ২৪%। এর সঙ্গে রয়েছে ৪৪% দারিদ্র্য হার, যা একাধিক প্রজন্ম ধরে চলে আসা কাঠামোগত বাধাগুলোর চিত্র তুলে ধরেÑ যার ফলে অনেক পরিবারের জন্য নিরাপদ মাতৃত্ব ও নবজাতকের সেবা এখনও অপ্রাপ্য রয়ে গেছে।

জননী প্রকল্পটি সরকারের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে মাতৃ ও নবজাতক স্বাস্থ্যসেবার প্রতিবন্ধকতা মোকাবিলায় একটি সমন্বিত উদ্যোগ হিসেবে কাজ করছে। প্রকল্পটি স্বাস্থ্যব্যবস্থার উন্নয়ন, আচরণগত পরিবর্তন এবং প্রমাণভিত্তিক অ্যাডভোকেসির ওপর গুরুত্ব দেয়। এর আওতায় মাতৃ ও নবজাতক সেবার প্রস্তুতি সক্ষমতা ও রেফারেল ব্যবস্থা শক্তিশালী করা হচ্ছে, যাতে মা ও নবজাতক সময়মতো প্রয়োজনীয় সেবা পান। একই সঙ্গে স্বাস্থ্যসেবা প্রদানকারীদেরÑ বিশেষত মিডওয়াইফদের- সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে সেবার গুণগত মান উন্নয়নে কাজ করা হচ্ছে, যাতে সেবাগুলো সম্মানজনক, দক্ষ ও সহানুভূতিপূর্ণ হয়।

স্থানীয় অংশগ্রহণ ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রকল্পটি স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহকে সম্পৃক্ত করছে এবং সামাজিক ও আচরণ পরিবর্তন যোগাযোগ কার্যক্রমের মাধ্যমে বাল্যবিবাহ ও অদক্ষ ধাত্রী দিয়ে বাড়িতে প্রসবের মতো ক্ষতিকর প্রথা পরিবর্তনে উদ্যোগ নিচ্ছে। পাশাপাশি তথ্যভিত্তিক অ্যাডভোকেসিকে জোরদার করতে একটি শক্তিশালী মনিটরিং ও মূল্যায়ন ব্যবস্থা গড়ে তোলা হয়েছে, যা জাতীয় পর্যায়ে অন্তর্ভুক্তিমূলক, ন্যায্য ও টেকসই মাতৃ ও নবজাতক স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালীকরণে অবদান রাখছে।

প্রকল্পটি ইউনিয়ন পর্যায়ের ৪০টি স্বাস্থ্যসেবা কেন্দ্র সংস্কার এবং প্রয়োজনীয় স্বাস্থ্য সরঞ্জাম সরবরাহের মাধ্যমে মাতৃ ও নবজাতক স্বাস্থ্যসেবার মান উল্লেখযোগ্যভাবে উন্নীত করেছে। এর ফলে প্রকল্প এলাকায় এ পর্যন্ত ১৩ হাজারের অধিক স্বাভাবিক প্রসব (এনভিডি) সফলভাবে সম্পন্ন হয়েছে। 

লেখক : প্রকল্প পরিচালক, জননী, সেভ দ্য চিলড্রেন বাংলাদেশ

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা