পবিত্র কাবার সামনে হজ পালনকারী হাজীদের ভিড়। ছবি: ডেইলি সাবাহ
মিনায় অবস্থানের মাধ্যমে সোমবার সকাল থেকেই শুরু হতে যাচ্ছে পবিত্র হজের আনুষ্ঠানিক কার্যক্রম। হাজীদের মিনায় গমন সহজ ও নিরাপদ করার জন্য সৌদি সরকারের নির্দেশনা মেনে আজ রাতেই মিনার উদ্দেশে রওয়ানা দিবেন হাজীরা।
আরও পড়ুন: মক্কা নগরীর রাতের দৃশ্যে মুগ্ধ নেটিজেনরা |
বাংলাদেশের হজযাত্রীদের মিনায় পাঠানোর সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করেছে মক্কাস্থ বাংলাদেশ হজ অফিস ও সংশ্লিষ্ট হজ এজেন্সিসমূহ।
শরিয়তের বিধান অনুসারে হাজীরা ৮ জিলহজ মিনায় অবস্থান করে ফজর হতে এশা পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন। মিনায় রাত্রিযাপন শেষে মঙ্গলবার আরাফাতের উদ্দেশে রওনা হবেন তারা।
এ বছর হজের খুতবা দেবেন মসজিদে নববীর প্রধান ইমাম ও খতিব শায়েখ আলি বিন আবদুল রহমান আল-হুদাইফি।
খুতবার পর হাজিরা একসঙ্গে যোহর ও আসরের নামাজ আদায় করবেন। সূর্যাস্ত পর্যন্ত সেখানেই অবস্থান করবেন হাজীরা। শরিয়তের বিধানানুসারে আরাফাতে অবস্থান করাই হজ।
৯ জিলহজ সূর্যাস্তের পর মুজদালিফার উদ্দেশে রওয়ানা দিবেন হাজীরা। সেখানে মাগরিব ও এশার নামাজ শেষে উন্মুক্ত আকাশের নিচে রাত্রিযাপন করবেন। পরদিন ১০ জিলহজ সূর্যোদয়ের আগে মুজদালিফা থেকে মিনায় যাবেন হাজীরা এবং শুধুবড় জামারায় কঙ্কর নিক্ষেপ করবেন। এরপর মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় পশু কোরবানি দিবেন এবং মাথা মুণ্ডন কিংবা চুল ছোটো করবেন।
১১ ও ১২ জিলহজ হজের বাকি আনুষ্ঠানিকতা শেষে ১২ জিলহজ সূর্যাস্তের পূর্বে মিনা ত্যাগ করবেন হাজীরা।
এ বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১৬ থেকে ১৮ লাখ মুসলমান হজ পালন করবেন বলে অনুমান করা হচ্ছে। চলতি বছরে বাংলাদেশ হতে সাড়ে ৭৮ হাজার মানুষ হজ পালন করছেন।