× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রোজাদারদের পুরস্কারের দিন ঈদুল ফিতর

মুফতি মাহফুজ আবেদ

প্রকাশ : ১৯ মার্চ ২০২৬ ০৯:৪৩ এএম

স্বভাবের চাহিদাসমূহকে উপেক্ষা করে কঠোর আত্মসংযম ও আত্মশুদ্ধির কার্যকর ও বাস্তবরূপ ধারণ করে ঈদুল ফিতর। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

স্বভাবের চাহিদাসমূহকে উপেক্ষা করে কঠোর আত্মসংযম ও আত্মশুদ্ধির কার্যকর ও বাস্তবরূপ ধারণ করে ঈদুল ফিতর। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

আজ সন্ধ্যায় পশ্চিমাকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে আগামীকাল ঈদুল ফিতর। যদি চাঁদ দেখা না যায়, তাহলে রমজান মাস ত্রিশ দিনে পূর্ণ হবে এবং পরশু ঈদুল ফিতর উদযাপিত হবে। 

মুসলিম উম্মাহর কাছে ঈদুল ফিতর এক আনন্দঘন অনুষ্ঠান। ঈদের দিনে ঈদের ময়দানে উপস্থিত হয়ে নামাজ আদায় করা বড় ইবাদত। ঈদুল ফিতর মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান। এর পেছনে রয়েছে ধর্মপ্রাণ মানুষের ত্যাগ-তিতিক্ষা এবং নিবেদিত প্রাণের আকুতি। মুসলমানের জন্য ঈদের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঈদুল ফিতরের অনুপম বৈশিষ্ট্য সব দিক দিয়েই অনন্য। এর অন্যতম হলোÑ প্রতিদিনের নামাজ, সাপ্তাহিক জমায়েত এবং বার্ষিক পুনর্মিলনীÑ এই তিনটিই ঈদের মধ্যে দেখা যায়।

ঈদুল ফিতরের দিনটিতে মুসলমানরা ভ্রাতৃত্বপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে একত্রিত হয়। তারা সমবেত হয় রাব্বুল আলামিনের প্রতি শুকরিয়া জ্ঞাপনের জন্য। মাহে রমজানে আধ্যাত্মিক উন্নতির জন্য যে দায়িত্ব বর্তায়, তা সুচারুরূপে সম্পন্ন হওয়ায় ঈদের দিবসে আল্লাহর প্রতি জ্ঞাপন করা হয় শুকরিয়া তথা কৃতজ্ঞতা। শুধু মুখের কথা কিংবা ধর্মীয় আচার-প্রথার মধ্যে সীমাবদ্ধ থাকে না কৃতজ্ঞতা প্রকাশের এই প্রক্রিয়া। সামাজিক কর্মকাণ্ড এবং মানবিক উপলব্ধির মধ্য দিয়ে এর বহিঃপ্রকাশ ঘটে। 

মুসলমানরা যখন ঈদের দিনে নামাজের জন্য ঈদগাহে আসতে শুরু করে তখন আল্লাহ তায়ালা ফেরেশতাদের ডেকে ডেকে বলেন, দেখো ফেরেশতারা! মানুষ সৃষ্টির সময় তোমরা বলেছিলে, তারা পৃথিবীতে ফেতনা-ফ্যাসাদ ও খুন-খারাবিতে লিপ্ত থাকবে। এখন দেখো, কীভাবে আনুগত্যের নিদর্শনস্বরূপ তারা আমরা দিকে অগ্রসর হচ্ছে! হে ফেরেশতারা, তোমরা তাদের অভ্যার্থনা জানাও এবং বলে দাও, আমি আল্লাহ তাদের গোনাহসমূহ মাফ করে দিয়েছি। আল্লাহর তরফ থেকে রোজাদার মুসল্লিদের মধ্যে রহমত, মাগফিরাত ও নাজাত ঘোষণার দিনই হলোÑ ঈদুল ফিতর। তাই রমজান শেষে ঈদুল ফিতর হলো- রোজাদারদের পুরস্কারের দিন। 

ঈদের প্রচলন হয় হিজরি দ্বিতীয় সনে। ঈদুল ফিতর মানুষের হৃদয় মনকে পরিচ্ছন্ন আলোকে বিকশিত করে তোলে। সকল বিবাদ বিভেদ, অশান্তি, বৈষম্য, জুলুম, অনাচার অশ্লীলতা দূর করে এক পরিশীলিত জীবন চেতনা সঞ্চয়িত হয় ঈদুল ফিতরে। এই ঈদ প্রাচুর্যের ও বরকতের। ঈদুল ফিতর মানুষের শ্রেষ্ঠত্ব সমুন্নত রাখতে প্রতিবছর নির্দিষ্ট তারিখে চান্দ্র সনের আবর্তনে ফিরে আসে।

ঈদুল ফিতর প্রতিবছর আবির্ভূত হয় মানুষে মানুষে ভেদাভেদ দূর করার জন্য। সব মানুষকে এক কাতারে দাঁড় করিয়ে এক সুদৃঢ় মানববন্ধন তৈরি করে। স্বভাবের চাহিদাসমূহকে উপেক্ষা করে কঠোর আত্মসংযম ও আত্মশুদ্ধির কার্যকর ও বাস্তবরূপ ধারণ করে ঈদুল ফিতর। ঈদের দিনে বিশ্বজগতের রব, সৃষ্টিকর্তা, পালনকর্তা মহাপ্রভু আল্লাহর শ্রেষ্ঠত্ব ও বিরাটত্বের ঘোষণা বারবার উচ্চারিত হয় আল্লাহু আকবর তাকবিরের মাধ্যমে।

ঈদে সৎকাজের সুফল প্রাপ্তি ঘটে। পরম করুণাময় আল্লাহর উদ্দেশে যেসব ভালো কাজ করা হয়, তার সুফল অর্জনের উপলক্ষ এই ঈদুল ফিতর। এ দিনে আল্লাহ তায়ালা তার দয়া ও আশীর্বাদের প্রাচুর্যে মুমিনদের জীবন ধন্য করেন। যারা মানুষের কল্যাণে নিয়োজিত, তাদের জন্য আল্লাহর দয়া অসীম। ঈদুল ফিতরের সত্যিকারের তাৎপর্য হলোÑ এটা একাধারে শান্তি ও কৃতজ্ঞতা, ক্ষমা ও নৈতিক বিজয়, পুণ্য অর্জন ও প্রকৃত সাফল্য, স্মরণ ও নির্মল উৎসবের অনন্য এক দিবস। ঈদুল ফিতরে এসব কিছুরই সম্মিলন ঘটে।

মহান আল্লাহ কাছে প্রত্যাশা করি, এবারের ঈদুল ফিতর আমাদের জীবনে শান্তির বার্তা, কল্যাণের উৎস, গোনাহ মাফের দিন হয়ে উঠুক। সবাইকে ঈদ মোবারক। ঈদ মোবারক আস সালাম।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা