× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পবিত্র লাইলাতুল কদর সোমবার

মুফতি মাহফুজ আবেদ

প্রকাশ : ১৬ মার্চ ২০২৬ ০৮:৪৮ এএম

আপডেট : ১৬ মার্চ ২০২৬ ১৪:০৬ পিএম

লাইলাতুল কদরে আল্লাহ তায়ালা মানবজাতির ভাগ্য নির্ধারণ করেন। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

লাইলাতুল কদরে আল্লাহ তায়ালা মানবজাতির ভাগ্য নির্ধারণ করেন। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

পবিত্র লাইলাতুল কদর বা শবেকদর সোমকার। সন্ধ্যার পর থেকে শুরু হবে শবেকদরের রজনী, যা যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে সারা দেশে পালিত হবে। পবিত্র রমজান মাসের এই রাতে পবিত্র কুরআন নাজিল হয়েছিল। তাই ধর্মপ্রাণ মুসলমানরা মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা ও শুকরিয়া আদায়ে মসজিদসহ বাসাবাড়িতে ইবাদত-বন্দেগিতে মশগুল থাকবেন।

পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।

২০ রমজানের পর যেকোনো বিজোড় রাত কদর হতে পারে। তবে ২৬ রমজানের দিবাগত রাতেই লাইলাতুল কদর আসে বলে আলেমদের অভিমত। শবেকদরের এই রাতে পবিত্র কুরআন অবতীর্ণ হয় এবং এই রাতকে কেন্দ্র করে পবিত্র কুরআনে ‘আল কদর’ নামে একটি সূরাও নাজিল করা হয়।

লাইলাতুল কদরে আল্লাহ তায়ালা মানবজাতির ভাগ্য নির্ধারণ করেন। মানবজাতির মানসম্মান বৃদ্ধি এবং ভাগ্য পুনর্নির্ধারণের জন্য মহান আল্লাহ অধীর আগ্রহে চতুর্থ আসমানে নেমে আহ্বান জানানÑ কে আছো মহিমান্বিত আলোকবর্তিকাময় এ রাতে ভাগ্য পরিবর্তন ও পুনর্নির্ধারণ করতে চাও? গোনাহ থেকে মুক্তি চাও?

সৃষ্টিকর্তা ও দয়াময় আল্লাহ তায়ালার ডাকে সাড়া দিয়ে বিশ্বের মুসলমানদের মতো বাংলাদেশের মুসলমানরাও নিজেদের গোনাহ মাফ, আল্লাহর সন্তুষ্টি এবং সওয়াব হাসিলের আশায় নফল ইবাদত, কুরআন তেলাওয়াত ও জিকির-আসকারের মধ্য দিয়ে রাতটি অতিবাহিত করবেন। বৃষ্টিহীনতার কারণে মানুষের কষ্ট লাঘব থেকে শুরু করে কায়মনোবাক্যে দোয়া করবেনÑ যাবতীয় বিপদ মুক্তি সম্পদের সুরক্ষা এবং হঠাৎ আসা বিপদ থেকে বাঁচার।

পবিত্র কুরআনের বর্ণনা অনুসারে, আল্লাহ তায়ালা এ রাতকে অনন্য মর্যাদা দিয়েছেন এবং এই এক রাতের ইবাদত হাজার মাস ইবাদতের চেয়েও অধিক উত্তম। প্রতি বছর রমজানে এই মহিমান্বিত রাত মানবজাতির জন্য সৌভাগ্য বয়ে আনেÑ এ বিশ্বাসে রমজানের শেষ দশ দিনে ইতিকাফ, তাহাজুদ নামাজ, কুরআন তেলাওয়াত, দান-সদকা, দোয়া-দরুদ ও জিকির-আসকার ইত্যাদির মাধ্যমে নিজেকে আল্লাহর কাছে সঁপে দিয়ে তার সন্তুষ্টি অর্জনে সচেষ্ট থাকেন।

হজরত রাসুলুল্লাহ (সা.) লাইলাতুল কদরে যে দোয়াটি নিজে আমল করেছেন এবং সাহাবিদের উদ্বুদ্ধ করেছেন, তা হলোÑ “আল্লাহুম্মা ইন্নাকা আফুউউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নী।’ অর্থাৎ ‘হে আল্লাহ! আপনি নিশ্চই ক্ষমাশীল, ক্ষমাকে ভালোবাসেন, আমাকে ক্ষমা করুন।”

লাইলাতুল কদরের মর্যাদা এত বেশি যে, হজরত রাসুলুল্লাহ (সা.)-এ রাত পাওয়ার জন্য রমজানের শেষ দশ দিন আজীবন ইতিকাফ করেছেন। হাদিসে বর্ণিত আছে, ‘শবেকদরে হজরত জিবরাইল (আ.) ফেরেশতাদের বিরাট এক দল নিয়ে পৃথিবীতে অবতরণ করেন এবং যত নারী-পুরুষ নামাজরত অথবা জিকিরে মশগুল থাকে, তাদের জন্য রহমতের দোয়া করেন।’

হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, হজরত রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেন, ‘যদি তোমরা কবরকে আলোকময় পেতে চাও, তাহলে লাইলাতুল কদরে জাগ্রত থেকে ইবাদত করো।’Ñ মিশকাত

সুনানে আবু দাউদ শরিফে উল্লেখ রয়েছে, হজরত আনাস ইবনে মালেক (রা.) থেকে বর্ণিত, হজরত রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেন, ‘যে ব্যক্তি লাইলাতুল কদর পেল কিন্তু ইবাদত-বন্দেগির মাধ্যমে কাটাতে পারল না, তার মতো হতভাগা দুনিয়ায় আর কেউ নেই। কদরের রাতের ইবাদতের সুযোগ যাতে হাতছাড়া না হয়, সেজন্য রাসুল (সা.) শেষ দশ দিনের পুরো সময়টাতে ইতিকাফরত থাকতেন। সহিহ মুসলিম

হজরত রাসুলুল্লাহ (সা.) বলেন, শবেকদরকে নির্দিষ্ট না করার কারণ হচ্ছে যাতে বান্দা কেবল একটি রাত জাগরণ ও কিয়াম (নামাজ) করেই যেন ক্ষান্ত না হয় এবং সেই রাতের ফজিলতের ওপর নির্ভর করে অন্য রাতের ইবাদত ত্যাগ করে না বসে। তাই বান্দার উচিত রমজানের শেষ দশ দিনের কোনো রাতকেই কম গুরুত্ব না দেওয়া এবং পুরোটাই ইবাদতের মাধ্যমে শবেকদর অন্বেষণ করা। আল্লাহ তায়ালা সবাইকে শবেকদরের বরকত হাসিলের তওফিক দান করুন।

বিশ্বের সকল মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা : প্রধানমন্ত্রী তারেক রহমান পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন। গতকাল রবিবার দেওয়া এক বাণীতে তিনি বলেন, লাইলাতুল কদর মহিমান্বিত ও বরকতময় এক রাত। পবিত্র কুরআনুল কারিম রমজান মাসের এই মহিমান্বিত রাতেই অবতীর্ণ হয়েছে। মহান আল্লাহ তাআলা এ রাতকে হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ ঘোষণা করেছেন। এই রাত মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমতের বার্তা নিয়ে আসে।

প্রধানমন্ত্রী বলেন, এই রাতে ইবাদত-বন্দেগি, তওবা ও দোয়ার মাধ্যমে মহান আল্লাহর নৈকট্য লাভের এক অনন্য সুযোগ সৃষ্টি হয়। রমজান সংযম, আত্মশুদ্ধি, সহনশীলতা ও মানবিক গুণাবলির জাগরণের মাস। পবিত্র লাইলাতুল কদরের শিক্ষা আমাদের ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে শান্তি, ন্যায় ও কল্যাণ প্রতিষ্ঠায় অনুপ্রাণিত করে।

প্রধানমন্ত্রী আহ্বান জানান, আসুন, আমরা সবাই এই রাতের তাৎপর্য অনুধাবন করে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনে বেশি বেশি ইবাদত-বন্দেগি করি এবং মানবকল্যাণে নিজেকে নিয়োজিত করি। 

বাণীতে তিনি প্রার্থনা করেন, মহান আল্লাহ তাআলা যেন পবিত্র লাইলাতুল কদরের অসীম রহমত ও বরকত আমাদের সবার ওপর বর্ষণ করেন এবং দেশ ও জাতিকে অগ্রগতি, শান্তি, সম্প্রীতি ও কল্যাণের পথে পরিচালিত করেন।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা