কাউসার আহমেদ
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৫ ১৯:৪৩ পিএম
প্রায় ৩০০ বছরের পুরনো ব্রাহ্মণবাড়িয়ার উলচাপাড়া শাহি মসজিদ। প্রবা ফটো
প্রায় ৩০০ বছরের পুরনো উলচাপাড়া শাহি মসজিদ। বর্তমানে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকাভুক্ত এই ঐতিহাসিক স্থাপনাটির অবস্থান ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার উলচাপাড়া এলাকায়। চার ফুট উচ্চতার মজবুত প্লাটফর্মের ওপর চুন-সুরকি, ইট আর কালো পাথরের সমন্বয়ে গড়ে উঠেছে মসজিদের অবকাঠামো। মসজিদের দেয়ালে অসংখ্য খোপকাটা মৌলিক টেরাকোটার অলংকরণ। মসজিদটি প্রধানত দুটি অংশে বিভক্ত। পশ্চিমাংশে নামাজের কক্ষ আর তার পূর্বপাশে বারান্দা। মসজিদের ওপর বর্গাকার এক গম্বুজবিশিষ্ট নামাজের কক্ষ এবং পূর্বভাগে ছোট তিন গম্বুজবিশিষ্ট একটি বারান্দা আছে।
মসজিদটির আয়তন ৫২ ফুট (১৬ মিটার) বাই ২২ ফুট (৬.৭ মিটার) এবং এর দেয়াল ৪ ফুট (১.২ মিটার) পুরু। প্রধান গম্বুজের কেন্দ্র থেকে মসজিদের ভেতরের দেয়ালে নিচ পর্যন্ত কারুকাজ রয়েছে। ফরাসি ভাষার একটি শিলালিপি মসজিদের ভেতরে পাওয়া গিয়েছিল, কিন্তু এর অর্থ উদ্ধার করা সম্ভব হয়নি। নির্মাণকৌশল ও মসজিদে ব্যবহৃত ইট দেখে প্রত্নবিদদের ধারণা, মসজিদটি সপ্তদশ শতাব্দীতে নির্মিত। মসজিদে পাওয়া শিলালিপি পাঠ থেকে জানা যায়, ১৭২৭-২৮ সালে কোনো বণিক কর্তৃক মসজিদটি নির্মিত হয়েছিল। প্রতিদিন অনেক মানুষ মসজিদটি দেখতে এই গ্রামে আসেন।