মাহির ইমতিয়াজ
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৫ ২০:৪৪ পিএম
ফরিদপুরের পাতরাইল মসজিদ। প্রবা ফটো
পাতরাইল মসজিদ বা মজলিশ আউলিয়া মসজিদের অবস্থান ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার অন্তর্গত আজিমনগর ইউনিয়নের পাতরাইল গ্রামে। মসজিদটি দীঘিরপাড় আউলিয়া মসজিদ নামেও পরিচিত। ধারণা করা হয়, গিয়াসউদ্দিন আজম শাহ ১৩৯৩ খ্রিস্টাব্দ থেকে ১৪১০ খ্রিস্টাব্দের মধ্যে মসজিদটি নির্মাণ করেছিলেন।
১০ গম্বুজবিশিষ্ট মসজিদটির দৈর্ঘ্য ৮৪ ফুট, প্রস্থ ৪২ ফুট। চার কোণে ৪টি মিনার আছে। মসজিদের দেওয়াল ৭ ফুট প্রশস্ত। মসজিদের ভেতরে ৪টি স্তম্ভ বা থাম আছে। মসজিদের গায়ে রয়েছে দৃষ্টিনন্দন টেরাকোটার কারুকাজ, নানা রকম শৈল্পিক কারুকার্যে ফুটিয়ে তোলা হয়েছে মসজিদটিকে।
গবেষকরা মনে করেন, গঠনশৈলী অনুযায়ী এই মসজিদটি মুসলিম স্থাপত্যরীতিতে তৈরি। তবে গৌড়ের ছোট সোনা মসজিদের সঙ্গে এই মসজিদের সাদৃশ্যও রয়েছে। এটির আঙিনায় রয়েছে দরবেশ নাজিমদ্দিন দেওয়ানের মাজার। জনশ্রুতি আছে যে, অত্র এলাকায় প্রজাদের পানীয়জলের সমস্যা নিরসনকল্পে ও ইবাদতের জন্য মসজিদের পার্শ্বেই ৩২.১৫ একর জমির ওপর একটি দীঘি খনন করা হয়। বর্তমানে এটি ভাঙ্গা উপজেলাধীন পাতরাইল দীঘিরপাড় আউলিয়া মসজিদ নামে সুপরিচিত। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি মসজিদের রক্ষণাবেক্ষণের। প্রতিদিনই দূরদূরান্ত থেকে মসজিদটি দেখতে দর্শনার্থীদের আগমন ঘটে।