প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৫ ১৮:১৫ পিএম
আল কুরআনের বাণী
হে বিশ্বাসীগণ! তোমরা নিজেদের ব্যতীত অন্য কাউকে অন্তরঙ্গরূপে গ্রহণ কর না, যারা তোমাদেরকে ধ্বংস করতে এতটুকু ব্যথাও অনুভব করবে না। তারা তোমাদের ক্ষতিকেই ভালোবাসে। তাদের মুখে বিদ্বেষ ফুটে ওঠে কিন্তু তাদের অন্তরে যা লুকিয়ে আছে তা আরও ভয়ংকর। আমি তোমাদের জন্য অবতীর্ণ বাণী বিশদভাবে বর্ণনা করেছি, যদি তোমরা তা অনুধাবন করতে সমর্থ হও।
আল হাদিস থেকে
হযরত কা’ব (রা.) থেকে বর্ণিত। তিনি মসজিদের মধ্যে ইবনে আবু হাদরাদের নিকট তার প্রদত্ত ঋণের তাগাদা করলেন। এতে উভয়ে উচ্চেঃস্বরে কথাকাটাকাটি করতে লাগল। রাসুলুল্লাহ (সা.) তা শুনতে পেলেন। তিনি তখন তার গৃহে অবস্থান করছিলেন। তিনি এত দ্রুত বের হয়ে এলেন যে, তার কক্ষের পর্দা খুলে গেল। তিনি আওয়াজ দিলেন, হে কা’ব! কা’ব ডাকে সাড়া দিয়ে বললেন, হে আল্লাহর রাসুল! আমি উপস্থিত। তিনি ইশারায় তাকে ঋণের অর্ধেক মাফ করে দিতে বললেন। কা’ব বললেন, আমি মাফ করে দিলাম। তখন আবু হাদরাদকে নবী কারিম (স.) বললেন, যাও, এবার ঋণ পরিশোধ করে দাও।