প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৫ ১১:৫৪ এএম
আল কুরআনের বাণী
আল্লাহ তোমাকে যা দান করেছেন তা দ্বারা পরকালের গৃহ অনুসন্ধান করো এবং ইহকাল থেকেও তোমার অংশ ভুলে যেও না। তুমি অনুগ্রহ করো, যেমন আল্লাহ তোমার প্রতি অনুগ্রহ করেছেন এবং পৃথিবীতে অনর্থ সৃষ্টি করতে প্রয়াসী হয়ো না। নিশ্চয়ই! আল্লাহ অনর্থ সৃষ্টিকারীদের পছন্দ করেন না। সূরা আল-কাসাস, আয়াত : ৭৭
আল হাদিস থেকে
হজরত আবু হুরাইরা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ তিন প্রকার লোকের সঙ্গে না কথা বলবেন, না তাদের দিকে দৃষ্টি ফেরাবেন এবং না তাদেরকে পবিত্র করবেন। সেদিন তাদের জন্য থাকবে পীড়াদায়ক আজাব। পথে যে ব্যক্তির নিকট অতিরিক্ত পানি আছে অথচ (প্রয়োজনে) অন্য পথিককে সে তা দেয় না। অপর ব্যক্তি হলো, যে এক ব্যক্তির (ইমামের) নিকট বাইআত বা আনুগত্যের শপথ করে কিন্তু শুধুমাত্র পার্থিব স্বার্থের জন্যই সে তার নিকট বাইআত করে। তার ইচ্ছামতো ও আকাঙ্ক্ষা পূরণ করে তাকে দিলে সে (বাইআত) পূরণ করে নতুবা পূরণ করে না, অর্থাৎ বাইআত ভঙ্গ করে। আর এক ব্যক্তি হলো, যে আসরের পর কোনো বস্তু খরিদ করতে গিয়ে আল্লাহর শপথ করে বলে যে, সে এটা কিনতে এত কিংবা এত মূল্য দিয়েছে আর তা শুনে ক্রেতা ওই বস্তু খরিদ করে নেয়।
হাদিস-২৪৮৪
Ñ সহিহ বোখারি শরিফ থেকে