প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৫ ১২:৩১ পিএম
আপডেট : ০৯ আগস্ট ২০২৫ ১২:৩৩ পিএম
ছবি: সংগৃহীত
সৌদি আরবের মক্কা-মদিনায় এ বছর নিরাপদে পবিত্র হজ পালনের পরেও সরকারের পক্ষ থেকে ৮ কোটি ২০ লাখ টাকা ফেরত পেয়েছেন বাংলাদেশি হজযাত্রীরা। বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ইউনূসের আন্তরিক সহযোগিতা ও নির্দেশে এবারের হজ ব্যবস্থা বিশ্বের ভালো ব্যবস্থাপনা হিসাবে রেকর্ড গড়ে নেয় বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয়।
ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) বলেন, সৌদি আরবের প্রতিটি নিয়ম কানুন বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যথাযথভাবে পালনে বিশেষ নির্দেশনা ছিল প্রধান উপদেষ্টার। যার কারণে যথাসময়ে সৌদি আরবের নির্ধারিত হজ ফি পরিশোধ করা, মক্কার কাছাকাছি বাড়ি ভাড়া করা, কম খরচে হজযাত্রা নিশ্চিত করাসহ সৌদি আরবে হজ যাত্রীদেরকে প্রয়োজনীয় সুচিকিৎসা প্রদানের কারণে এবার মহান আল্লাহ তায়ালার দয়ায় বাংলাদেশ হজ যাত্রায় রেকর্ড অর্জন করেছে। যার অংশীদার শুধু ধর্ম মন্ত্রণালয় নয়, পুরো ৮৭ হাজার ১০০ জন হাজী সাহেবদেরও। কারণ তারাও সৌদি আরবে যথাযথ নিয়ম কানুন মেনে পবিত্র হজ পালনে সচেষ্ট ছিলেন।
বর্তমান অন্তর্বর্তী সরকারের সফলতার এক অনন্য উদাহরণ হয়ে থাকবে উপদেষ্টা ড. আ ফ ম খলিদ হোসেনের নেতৃত্বাধীন ধর্ম মন্ত্রণালয়। এই মন্ত্রণালয় থেকে গত এক বছরে হজ কার্যক্রম ছাড়াও ধর্মীয় সেক্টরে মসজিদ মাদ্রাসায় অনুদান প্রদান, হাজারো মক্তবে ধর্মীয় শিক্ষা প্রদান অব্যাহত রাখা সহ ব্যাপক ওয়াক্ফ সম্পত্তি উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে ধর্ম উপদেষ্টা বলেন, রাজনৈতিক কোন চাপ না থাকার কারণে সরকারের যথাযথ নিয়ম পালন করে তিনি ধর্ম মন্ত্রণালয় থেকে প্রচলিত সেবাসমূহ জনমানুষের কাছে পৌঁছে দিতে পেরেছেন।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক গত ১০ (দশ) মাসে সংস্কার ও অর্জিত কার্যক্রমসমূহের দেওয়া তথ্যে জানা গেছে, এ বছর তথা চলতি ২০২৫ সনের হজ প্যাকেজের মূল্য ২০২৪ সনের চেয়ে ৭৩ হাজার টাকা কমিয়ে দেওয়া হয়। হজ কার্যক্রম সার্বিক দায়িত্ব সুচারুরূপে পালনের জন্য সফলতার কারণে উপদেষ্টা পরিষদের সভায় প্রধান উপদেষ্টা ধর্ম মন্ত্রণালয়কে ধন্যবাদ জানিয়েছেন।
সূত্র: বাসস