× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তারাবির নামাজে যত্নবান হওয়া

শাহীন হাসনাত

প্রকাশ : ০৭ মার্চ ২০২৫ ১৫:৫০ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

দেখতে দেখতে রমজানের এক সপ্তাহ হলে চলল। রমজান মাস শুরুর পর সর্বত্র এক ভিন্ন আবহ পরিলক্ষিত হয়, মসজিদগুলো মুসল্লি দ্বারা পরিপূর্ণ থাকে, বিশেষ করে তারাবির নামাজে। কিন্তু রোজা শুরুর কয়েক দিন পর মুসল্লির সংখ্যা ধীরে ধীরে কমতে থাকে, বিশেষ করে তারাবির সময়, যা কোনোভাবেই কাম্য নয়।

রমজানের একটি গুরুত্বপূর্ণ আমল তারাবির নামাজ। সাহাবি হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, হজরত রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেন, ‘যে ব্যক্তি রমজান মাসে সওয়াবের আশায় কিয়ামে রমজান (তারাবি) আদায় করবে আল্লাহতায়ালা তার পেছনের সব গুনাহ মাফ করে দেবেন।’ Ñসহি বুখারি : ২০০৯

এ ছাড়া আরও বহু হাদিসে কিয়ামে রমজান তথা তারাবির নামাজের কথা বর্ণিত হয়েছে। সাহাবায়ে কেরামের জমানা থেকে নিয়ে এ সুন্নতের ওপর আজও মুসলিম উম্মাহর আমল চলে আসছে। প্রায় দেড় হাজার বছর ধরে মুসলিম জনপদগুলোয় রমজান মাসে অত্যন্ত গুরুত্বের সঙ্গে তারাবি আদায় করা হচ্ছে। রাসুলের সুন্নাহ অনুসারী কোনো মুসলিম কখনও এ আমলকে গুরুত্বহীন বা কম গুরুত্বপূর্ণ মনে করেনি। কিন্তু আজকাল দীনের অন্যান্য বিষয়ের মতো অনেকের মধ্যে এ মহান আমলের প্রতিও গুরুত্বহীনতা ও অনাগ্রহ পরিলক্ষিত হচ্ছে। কোনো কোনো ভাইকে দেখা যায়, নিজের মনমতো যেদিন যত রাকাত ইচ্ছা পড়ে নেয়। কেউ আবার জামাতে শরিক না হয়ে একা একা কিছু রাকাত পড়ে নেয়, কেউ তো মোটেই পড়ে না। অথচ তারাবির নামাজ সুন্নতে মুয়াক্কাদা।

হজরত রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, ‘আল্লাহতায়ালা তোমাদের ওপর রমজানের রোজা ফরজ করেছেন এবং আমি (আল্লাহতায়ালার হুকুমে) তারাবির নামাজের বিধান জারি করেছি। সুতরাং যে ব্যক্তি পূর্ণ বিশ্বাসের সঙ্গে সওয়াবের উদ্দেশ্যে রমজানের রোজা রাখবে এবং রাতে নামাজ (তারাবি) পড়বে সে যাবতীয় গুনাহ থেকে নবজাতক শিশুর মতো পবিত্র হয়ে যাবে।’ Ñমুসনাদে আহমাদ : ১৬৬০

অত্যন্ত সওয়াবের এ আমলে নিজের খেয়ালখুশিমতো কম করা মূলত নামাজের প্রতি অবহেলা-অনাগ্রহের প্রকাশ এবং এর মন্দ প্রভাব সুদূরপ্রসারী। মুসলিম ঐতিহ্যের এ মহান আমলকে কম গুরুত্বের মনে করে এ ব্যাপারে অবহেলা করতে থাকলে আল্লাহ না করুন, আমাদের কুপ্রবৃত্তি ধীরে ধীরে আমাদের এ সুন্নত থেকে পুরোপুরি উদাসীন করে ফেলতে পারে।

মনে রাখা দরকার, আল্লাহতায়ালা মুমিন বান্দার নেক আমলের সওয়াব এমনিতেই বহুগুণে বাড়িয়ে দেন। রমজান তো আরও মর্যাদাপূর্ণ মাস। এ মাসের ফজিলত ও আমলের সওয়াবও অন্য সময়ের চেয়ে বেশি। কাজেই আমরা আল্লাহ-প্রদত্ত সওয়াব অর্জনের এ সুবর্ণ সুযোগ কাজে লাগাই এবং এর যথাযথ কদর করি।

তারাবির নামাজের কিছু জরুরি মাসয়ালা হলো : তারাবির নামাজ নারী-পুরুষ সবার জন্যই সুন্নতে মুয়াক্কাদা। তারাবির নামাজ দুই রাকাত করে বিশ রাকাত পড়া সুন্নত। প্রত্যেক চার রাকাতের পর কিছুক্ষণ বিরতি দেবে, এ বিরতিকে আরবিতে বলে ‘তারবিহা’। এ সময় তসবিহ-তাহলিল পড়া বা চুপ থাকা সবই জায়েজ। এ সময়ের জন্য নির্দিষ্ট কোনো দোয়া কুরআনে কারিমে বা সহি হাদিসে বর্ণিত হয়নি।

কেউ কেউ তারাবির জামাতের সময় প্রথম রাকাতে বসে থেকে ইমামের রুকুতে যাওয়ার অপেক্ষায় থাকে। এমনটি করা মাকরুহ। রমজান মাসে বিতির নামাজ জামাতের সঙ্গে পড়া মুস্তাহাব। দাঁড়িয়ে তারাবি পড়ার শক্তি থাকলে বসে পড়া মাকরুহ।

তারাবির জামাত কয়েক রাকাত হয়ে যাওয়ার পরে কেউ এসে উপস্থিত হলে সে আগে এশার নামাজ ও সুন্নত পড়বে, এরপর তারাবির জামাতে শরিক হবে। তারাবির জামাতের পরে সম্ভব হলে সে একাকী বাকি তারাবি আদায় করে নেবে, তারপরে বিতিরের জামাতে শরিক হবে। যদি বিতিরের জামাত ছুটে যাওয়ার আশঙ্কা থাকে, তাহলে আগে বিতিরের জামাতে শরিক হবে, এরপর বাকি তারাবি আদায় করবে।

অন্যান্য ফরজ নামাজের মতো তারাবিও নারীরা নিজ ঘরে পড়বে, খতম তারাবির জন্য মসজিদে যাবে না। যদি তাদের মাহরাম কোনো পুরুষ ঘরে খতম তারাবি পড়ে, তাহলে তার পেছনে যথানিয়মে ইকতিদা করতে পারে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা