প্রবা ডেস্ক
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২২ ১০:০৯ এএম
আপডেট : ০৯ নভেম্বর ২০২২ ১২:২২ পিএম
নবদম্পতি। ছবি : সংগৃহীত
ভারতের রাজস্থানে এক নারী স্কুলশিক্ষক তার ছাত্রীকে বিয়ে করতে লিঙ্গ পরিবর্তন করেছেন।
এনডিটিভি জানিয়েছে, রবিবার (৬ নভেম্বর) ওই দম্পতি বিয়ে করেছেন।
ওই শিক্ষকের নাম মীরা। তিনি রাজস্থানের ভরতপুরে একটি স্কুলের শারীরিক শিক্ষা বিষয়ে পড়ান।
মীরা প্রেমে পড়েন তারই ছাত্রী কল্পনা ফৌজদারের। একসময় তাকে বিয়ে করার জন্য অস্ত্রোপচারে নিজের লিঙ্গ পরিবর্তন করেন। নাম বদলে রাখেন আরভ কুন্তল।
আরভ বলেন, ‘প্রেমে সবকিছুই বৈধ। তাই আমি আমার লিঙ্গ পরিবর্তন করেছি।’
স্কুলে শারীরিক শিক্ষার ক্লাস চলাকালে কল্পনার সঙ্গে দেখা হয় মীরার। স্কুলের খেলার মাঠে তাদের কথোপকথনের একপর্যায়ে কল্পনার প্রেমে পড়ে যান তিনি। কল্পনা স্টেট লেভেলে কাবাডি খেলেন। আগামী জানুয়ারিতে একটি আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের জন্য তিনি দুবাই যাবেন বলে জানা গেছে।
আরভ বলেন, ‘আমি জন্মেছিলাম মেয়ে হয়ে, কিন্তু সবসময় নিজেকে ভেবে এসেছি একজন ছেলে। তাই সর্বক্ষণ আমার লিঙ্গ পরিবর্তনের জন্য অস্ত্রোপচার করতে চাইতাম। ২০১৯ সালের ডিসেম্বরে আমার প্রথম অস্ত্রোপচার হয়েছিল।’
কনে কল্পনা বলেন, তিনি দীর্ঘদিন ধরে আরভের সঙ্গে প্রেম করছেন এবং অস্ত্রোপচার না করালেও তাকেই বিয়ে করতেন।
তিনি বলেন, ‘আমি শুরু থেকেই তাকে ভালোবেসেছি। এ অস্ত্রোপচার না করালেও আমি তাকেই বিয়ে করতাম। অস্ত্রোপচারের সময় আমিও তার সঙ্গে ছিলাম।’
তাদের বিয়ে ভারতে এখনো অপ্রচলিত ও বিরল। তবু উভয়ের বাবা-মা এ বিয়ে মেনে নিয়েছেন।