প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫ ১৪:৪৩ পিএম
আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৩৭ পিএম
কুড়িগ্রামে সাফল্যের পর, ইউএনডিপি এফসিআই-এর অর্থায়ন ও ফুটস্টেপস বাংলাদেশ পরিচালিত ‘ড্রিমওয়াটার : ইমপাওয়ারিং উইমেন ইন কনভার্টিং ফ্লাড ডিজাস্টার ইনটু ইকোনমিক অপরচুনিটি’ প্রকল্প এখন রংপুর ও নীলফামারীতে সম্প্রসারিত হয়েছে।
বাজার সমীক্ষা ও কার্যক্রম শুরু করার পর, ড্রিমওয়াটার ইতোমধ্যে প্রমাণ করেছে যে সহজ, স্থানীয়ভাবে পরিচালিত ফিল্টারেশন সেবা স্বাস্থ্য সুরক্ষা এবং নারীদের আয় বৃদ্ধির সুযোগ তৈরি করতে পারে। বাজার সমীক্ষায় দেখা যায়, পরিবারগুলো অগভীর ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরশীল এবং স্বল্প খরচে নির্ভরযোগ্য ফিল্টারেশনের চাহিদা রয়েছে।
এর ভিত্তিতে ২৫ জন নারীকে উদ্যোক্তা হিসেবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তারা ড্রিমওয়াটার পোর্টেবল ফিল্টার ব্যবহার করে আগস্ট মাসে ১,৫০৯-৫,১৭৬ লিটার পানি বিশুদ্ধ করেছেন। প্রতিজন উদ্যোক্তা ২,০২৭-৮,৩৯৭ টাকা আয় করেছেন (প্রতি লিটার ১-৩ টাকা দরে)। আরও ৭০ জন নারী এজেন্ট হতে আগ্রহ প্রকাশ করেছেন এবং ১৮৯টিরও বেশি পরিবার সেবায় যুক্ত হতে চেয়েছে।
আগামীতে ফুটস্টেপস বাংলাদেশ উদ্যোক্তাদের মেন্টরশিপ ও ক্ষুদ্রঋণ সুবিধা জোরদার ও সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকায় মডেলটি সম্প্রসারণ করবে। সফলভাবে বাস্তবায়িত হলে, ড্রিমওয়াটার মডেলটি প্রমাণ করবে গবেষণা, উদ্ভাবন ও নারী নেতৃত্ব কীভাবে জলবায়ু দুর্যোগকে অর্থনৈতিক সুযোগে রূপান্তর করতে পারে।