প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৫ ১৭:২৭ পিএম
আপডেট : ০৬ অক্টোবর ২০২৫ ১৭:২৮ পিএম
ছবি: সংগৃহীত
সৌদি আরবে বাংলাদেশি কর্মী নিয়োগ বিষয়ে দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ ও সৌদি আরব।
সোমবার (৬ অক্টোবর) রিয়াদে বাংলাদেশের পক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের মন্ত্রী ইঞ্জিনিয়ার আহমেদ বিন সোলাইমান আল-রাজী এ চুক্তিতে স্বাক্ষর করেন।
জানা গেছে, সৌদি আরব-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের ৫০ বছরের ইতিহাসে এবারই প্রথম সাধারণ কর্মী নিয়োগ সংক্রান্ত আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হলো। ১৯৭৬ সাল থেকে অনানুষ্ঠানিকভাবে বাংলাদেশি কর্মী নিয়োগ হলেও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক চুক্তি ছিল না।
এর আগে, ২০১৫ সালে গৃহকর্মী নিয়োগ এবং ২০২২ সালে দক্ষতা যাচাই সংক্রান্ত দুটি বিশেষ চুক্তি হয়। নতুন এই চুক্তির মাধ্যমে সৌদি আরবে বিভিন্ন পেশায় দক্ষ কর্মী নিয়োগের সুযোগ বাড়বে এবং কর্মী ও নিয়োগকর্তা উভয়ের অধিকার আরও সুরক্ষিত হবে বলে আশা করা হচ্ছে। এটি দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর করবে।
চুক্তি স্বাক্ষরের আগে সৌদি মন্ত্রী ও উপদেষ্টা আসিফ নজরুলের মধ্যে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপদেষ্টা আসিফ নজরুল নিয়োগ চুক্তি সঠিকভাবে বাস্তবায়ন, ইকামা নবায়নের দায়িত্ব নিয়োগকর্তার ওপর রাখা এবং দেশে ফেরত যেতে ইচ্ছুক কর্মীদের দ্রুত এক্সিট ভিসা প্রদানের বিষয়ে গুরুত্ব আরোপ করেন। সৌদি মন্ত্রী এসব বিষয়ে দ্রুত পদক্ষেপের নির্দেশ দেন এবং নিরাপদ অভিবাসন নিশ্চিতে বাংলাদেশের সহযোগিতা কামনা করেন।
বৈঠকে আরও আলোচনা হয় দক্ষ কর্মী নিয়োগ, প্রশিক্ষণ, প্রবাসী কর্মীদের কল্যাণ ও সুরক্ষা নিয়ে। এ সময় সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলওয়ার হোসেন, মিশন উপপ্রধান এস এম নাজমুল হাসান এবং শ্রম কাউন্সেলর মুহাম্মাদ রেজায়ে রাব্বীসহ দুই দেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।