প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৬ মে ২০২৪ ১৪:২০ পিএম
রবিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনটির ৩০ বছরে পদার্পণ আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের। প্রবা ফটো
পেশাজীবী সংগঠনগুলো পেশার চেয়ে দলীয় পরিচয়কে গুরুত্ব দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের। তিনি বলেন, আমাদের দেশের বেশির ভাগ পেশাজীবী সংগঠন তাদের ঐক্য ধরে রাখতে পারে না। পেশাজীবী সংগঠনগুলো পেশার চেয়ে দলীয় পরিচয়কে গুরুত্ব দিচ্ছে। পেশাকে গুরুত্ব দিলেই ঐক্য ধরে রাখা সম্ভব হবে।
রবিবার (২৬ মে) ঢাকা রিপোর্টার্স ইউনটির ৩০ বছরে পদার্পণ আয়োজিত অনুষ্ঠানে সম্মানীত অতিথি হিসেবে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জিএম কাদের বলেন, ঢাকা রিপোর্টার্স ইউনিটির নামেই বিশেষত্ব আছে। ইউনিটি মানে, ঐক্য বা একাতাদ্ধ হওয়া। প্রফেশনাল বডিগুলো যদি তাদের ঐক্য ধরে রাখতে পারে, তাহলে তারা শক্তিশালী হয়ে এগিয়ে যেতে পারে। শক্তিশালী হতে চাইলে আপনি সাংবাদিক, এটাই হচ্ছে বড় পরিচয়। আপনি হিন্দু কি মুসলমান, সাদা কি কালো বা নারী কি পুরুষ এই পরিচয় পরের কথা। খুব বেশি শক্তিশালী, হলে সেই শক্তিকে শুভশক্তি হিসেবে জনকল্যাণে কাজে লাগাতে পারবেন। শক্তিকে সঠিক পথে ব্যবহার করতে হবে।
এসময় ঢাকা রিপোর্টার্স ইউনিটির নেতাদের ও উপস্থিত সবাইকে প্রাণঢালা অভিনন্দন জানান তিনি।
ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউর) নসরুল হামিদ মিলনায়তনে ডিআরইউ সভাপতি সৈয়দ শুক্কুর আলী শুভর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদের পরিচালনায় প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে সম্মানীত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম এমপি। এসময় দেশবরেণ্য সিনিয়র সাংবাদিক ও ডিআরইউ সদস্যরা উপস্থিত ছিলেন।