× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আজিজের অপকর্মের দায় সরকারের : রিজভী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৩ মে ২০২৪ ১৬:০৮ পিএম

আপডেট : ২৩ মে ২০২৪ ২২:৫০ পিএম

আজিজের অপকর্মের দায় সরকারের : রিজভী

বাংলাদেশের সাবেক সেনাপ্রধানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দেওয়া স্যাংশনে সরকারের লোকেরাই বিমূঢ় ও স্তম্ভিত হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। একই সঙ্গে তিনি বলেন, ‘জেনারেল (অব.) আজিজের অপকর্মের দায় আওয়ামী সরকারের। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ ও সাবেক পুলিশপ্রধান বেনজীররা আওয়ামী ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় গেস্টাপো বাহিনীর ন্যায় ভূমিকা রেখেছে। বাংলাদেশের মানুষের ভোটাধিকার হরণেও ভূমিকা রেখেছে তারা।’

বৃহস্পতিবার (২৩ মে) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বিএনপির জ্যেষ্ঠ এই নেতা বলেন, ‘‘বাংলাদেশের সাবেক সেনাপ্রধানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দেওয়া স্যাংশনে সরকারের লোকেরা বিমূঢ় ও স্তম্ভিত হয়ে গেছে। যে সেনাপ্রধান গণতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহণরত নেতাকর্মীদের প্রতি ইঙ্গিত করে বলেছিলেন, ‘বিজিবির সবই লিথ্যাল (প্রাণঘাতি) অস্ত্র। কেউ আক্রমণ করলে জীবন বাঁচাতে গুলি করতে পারে।’ পক্ষান্তরে তিনি আন্দোলনরত নেতাকর্মীদের ওপর গুলির নির্দেশ দিয়েছিলেন। পৃথিবীর সকল সভ্য ও গণতান্ত্রিক দেশে কোনো আধাসামরিক সংগঠনের প্রধান এ ধরনের বক্তব্য রেখেছেন তা আমাদের জানা নেই। যেকোনো দাবির প্রশ্নে জনগণের উত্তাল আন্দোলনে অংশগ্রহণরত শ্রেণি-পেশার মানুষরা সব সময় ‘ইমিউনিটি অব নন—কমব্যাটেন্ট’। আইন প্রয়োগকারী সংস্থা ধৈর্যের সঙ্গে সেটি মোকাবিলা করে। কারণ আন্দোলনকারীরা সবাই নিরস্ত্র। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে চলমান ছাত্র আন্দোলন তার একটি উৎকৃষ্ট দৃষ্টান্ত। সেখানে অনেককে গ্রেপ্তার করা হলেও কাউকে গুলি করা হয়নি। ক্ষমতাশালী লোকের পক্ষে যে ব্যক্তি অপকর্ম করে সেই ব্যক্তির ভয়াবহ অপকর্মকে ঢাকতে পারেন না রাষ্ট্রের প্রধান ক্ষমতাশালী ব্যক্তি।’’

বিএনপির এই মুখপাত্র আরও বলেন, ‘আজকে আবারও ক্রসফায়ার, বন্দুকযুদ্ধ, দেশের বিভিন্ন স্থানে সরকারি দলের সন্ত্রাসীদের ন্যক্কারজনক হামলা, নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা, ফরমায়েশি রায়ে সাজা ও গ্রেপ্তারের বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে। বাংলাদেশ যেন এখন কারবালার প্রান্তর। ইতোমধ্যে ঢাকা জেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান খন্দকার আবু আশফাককে গ্রেপ্তার করে কারাগারে অন্তরীণ করা হয়েছে। আন্দোলনের গতিকে স্তিমিত করার জন্য আবু আশফাককে কারাগারে প্রেরণসহ দেশব্যাপী গ্রেপ্তার অভিযান চালানো হচ্ছে। ডামি সরকার আবু আশফাকদের ভয় পায় বলেই নিপীড়ন-নির্যাতন ও গ্রেপ্তারের চক্রান্ত অব্যাহত রেখেছে।’

তিনি অভিযোগ করেন, ‘ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, ছাত্রদলের সাবেক সহসভাপতি ঝলককে শিল্পকলা একাডেমির সামনে ছাত্রলীগের গুণ্ডারা বর্বরোচিত হামলা চালিয়ে চাপাতি, হকিস্টিক ও রামদা দিয়ে রক্তাক্ত করেছে। সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনির ওপর ক্যাম্পাসে হামলা চালিয়েছে ছাত্রলীগের গুণ্ডারা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্রশিবির আখ্যা দিয়ে সবুজ বিশ্বাস নামে এক হিন্দু ছাত্রকে ছাত্রলীগের ক্যাডাররা ব্যাপক মারধর করে হলছাড়া করেছে। ছাত্রলীগ এখন মূর্তিমান আতঙ্ক। নারী ও শিশু নির্যাতন থেকে শুরু করে সকল অপকর্মের সঙ্গে এখন জড়িত তারা। রাস্তাঘাট, বাড়িসহ এদের হাতে মানুষের জীবন অনিরাপদ।’

দেশে অর্থনৈতিক নৈরাজ্য চলছে মন্তব্য করে রিজভী বলেন, ‘ব্যাংকগুলো টাকার জন্য হাহাকার করছে, ব্যাংকঋণ বিতরণ করছে আমানতকারীদের অর্থ থেকে, আবার ওই ঋণের অর্থ ক্ষমতাঘনিষ্ঠ লুটেরারা ফেরত দিচ্ছে না। ইতোমধ্যে ব্যাংকগুলোর বিনিয়োগ ক্ষমতা কমে যাচ্ছে, আবার চরম ডলার সংকটে গ্রাহকের চাহিদা অনুযায়ী পণ্য আমদানির জন্য এলসি খুলতে পারছে না। অন্যদিকে উপজেলা ও জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাদের জন্য ২৬১টি স্পোর্টস ইউটিলিটি ভেহিকেল অর্থাৎ একধরনের স্টেশান ওয়াগন ক্রয়ের জন্য প্রধানমন্ত্রী মত দিয়েছেন। যার প্রতিটির মূল্য ১ কোটি ৪৬ লাখ টাকা।’

‘৭ জানুয়ারি ডামি নির্বাচনের আগেই কেনার কথা ছিল, যা উৎকোচ হিসেবেই মানুষ বিবেচনা করেছে। যাইহোক, সেই সময় এই ক্রয়ের বিষয়টি স্থগিত রেখে ডামি নির্বাচনে কর্মকর্তাদের অবদানের জন্য কৃতজ্ঞতাস্বরূপ এখন তাদের তা দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রীর কাছে দেশ ও জনগণ অপাঙক্তেয়, শুধুমাত্র ক্ষমতাই আরাধ্য। সরকারের এই নীতি কর্তৃত্ববাদী শাসনের এক চরম দৃষ্টান্ত।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, অধ্যাপক ডা. আব্দুল কুদ্দুস, অধ্যাপক মামুন আহমেদ, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম, তারিকুল আলম তেনজিং প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা