ঝিলপাড় বস্তিতে ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপি
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৪ ১৫:১০ পিএম
আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৪ ১৫:৪৯ পিএম
ক্ষতিগ্রস্তদের হাতে খাদ্যসামগ্রী তুলে দিচ্ছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক। প্রবা ফটো
রাজধানীর পল্লবীতে মিরপুর ১২ নম্বর ঝিলপাড় বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে বিএনপি নেতারা।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে এসব খাদ্যসামগ্রী তুলে দেন দলটির নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক।
এ সময় আমিনুল হক বলেন, সরকার জনগণের ভোটে নির্বাচিত নয় বিধায় মানুষের কষ্ট তাদের বিবেককে নাড়া দেয় না। দেশের মানুষ যখন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দিশেহারা তখন আবারও বিদ্যুতের মূল্যবৃদ্ধির ঘোষণা জনগণের সঙ্গে তামাশা ছাড়া আর কিছুই না।
তিনি বলেন, বিএনপির জন্ম হয়েছিল জনগণের স্বার্থ রক্ষার জন্য। বিএনপি ক্ষমতায় যাওয়ার রাজনীতি করে না। নিপীড়িত মানুষের পাশে দাঁড়িয়ে জনগণের দুঃখদুর্দশা লাঘবের জন্য বিএনপি সব সময়ই কাজ করে আসছে। তারই ধারাবাহিকতায় আজ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আমরা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছি।
এ সময় পল্লবী থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।