প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৪ ১৫:৫৬ পিএম
আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:১৯ পিএম
দ্বাদশ সংসদের সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অভিনেত্রী তানভীন সুইটি। মঙ্গলবার দুপুরে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে। প্রবা ফটো
দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী জনপ্রিয় অভিনেত্রী তানভীন সুইটি বলেছেন, দলের প্রতি তার ত্যাগের বিনিময়ে তিনি মনোনয়ন পাওয়ার প্রত্যাশা করছেন।
তিনি বলেন, ‘যদি দলের জন্য বিন্দুমাত্র কাজ করে থাকি, রাজপথে থাকি, তবে দল বিবেচনা করে দেখবে আমার শ্রম, আমার ত্যাগ।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র সংগ্রহ করার পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
এক প্রশ্নের জবাবে অভিনেত্রী সুইটি বলেন, ‘আমি শেখ হাসিনার সম্মোহনী ব্যক্তিত্ব, রাজনৈতিক বিচক্ষণতা, দূরদর্শিতা দেখেই রাজনীতিতে এসেছি। সে পথেই অবিচল থেকেছি সর্বদা এবং কাজ করেছি।’
তিনি বলেন, ‘শ্রম, সাধনা, ত্যাগ– এগুলো থাকলে, দল যোগ্য মনে করলে মনোনয়ন দেবে। সেজন্য আমি মনোনয়নপ্রত্যাশী।’
গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনের ফল গেজেট আকারে প্রকাশ হয়েছে ৯ জানুয়ারি। বিধি আনুযায়ী– গেজেট প্রকাশের ৯০ দিনের মধ্যে সংরক্ষিত নারী আসনের নির্বাচন আয়োজন করতে হয়। আজ সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা হতে পারে। সকাল থেকে দলীয় মনোনয়নপত্র বিক্রি শুরু করেছে সরকারি দল আওয়ামী লীগ।
সকাল দশটা আওয়ামী লীগের ফরম বিক্রির এ কার্যক্রম শুরু হয়। প্রশাসনিক বিভাগ অনুযায়ী সুনির্দিষ্ট বুথে গিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করছেন প্রত্যাশীরা। এক্ষেত্রে ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগ ও তৃতীয় তলায় রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের মনোনয়নপত্র বিতরণ করা হচ্ছে। আর কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় সব বিভাগের মনোনয়নপত্র জমা নেওয়া হচ্ছে।
বেলা ৩টা পর্যন্ত ঢাকা বিভাগ থেকে ২০২টি, ময়মনসিংহ বিভাগ থেকে ৫৪টি, চট্টগ্রাম বিভাগ থেকে ১২২টি, সিলেট বিভাগ থেকে ২১টি, বরিশাল বিভাগ থেকে ৪৪টি, খুলনা বিভাগ থেকে ৬৫টি, রংপুর বিভাগ থেকে ৬২টি এবং রাজশাহী বিভাগ থেকে ৭৫টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে।