প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৪ ১২:৫৮ পিএম
আপডেট : ৩১ জানুয়ারি ২০২৪ ১৩:০৯ পিএম
বুধবার দুপুরে ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে ওবায়দুল কাদের। প্রবা ফটো
সংরক্ষিত আসনে মনোনয়নে পরীক্ষিত ত্যাগীদের গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেন, ‘সংরক্ষিত আসন পঞ্চাশের মধ্যে আমাদের সদস্য সংখ্যার সঙ্গে স্বতন্ত্রদের পক্ষ থেকেও দায়িত্ব দেওয়া হয়েছে। এখানে মনোনয়ন চাওয়া ও ফরম নেওয়ার যে হিড়িক, সে তুলনায় দেওয়ার সংখ্যা তো খুবই কম। পরীক্ষিত ত্যাগীদের এ ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হবে। যারা দুঃসময়ের পরীক্ষিত বন্ধু তাদের ব্যাপারটা অগ্রাধিকার দেব। দলগতভাবে ৩৮ ও স্বতন্ত্রদের থেকে ১০ আসনে ৪৭/৪৮ জনের মনোনয়ন দেব।’
বুধবার (৩১ জানুয়ারি) দুপুরে ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘আমরা দেখলাম, নির্বাচনের ফলাফলের পর যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন। পররাষ্ট্রমন্ত্রীসহ কয়েকজন মন্ত্রীর সঙ্গেও সাক্ষাৎ করেছেন। গতকাল অধিবেশনে প্রথম থেকে শেষ পর্যন্ত উপস্থিত ছিলেন। নির্বাচন ত্রুটিপূর্ণ হয়েছে এমন মন্তব্য যুক্তরাষ্ট্র করেনি বরং আমাদের সঙ্গে কাজ করার আগ্রহ জানিয়েছে দেশটি।’
কালো পতাকা মিছিলটাই অবৈধ জানিয়ে তিনি বলেন, ‘পুলিশের অনুমতি নেয়নি, সেটাও অনিয়ম। আপনি যখন-তখন ফ্রি স্টাইল কর্মসূচি নেবেন, এটা হতে পারে না। নির্বাচনে অংশ নেননি এটা ভুল করেছেন। এখন কালো পতাকা মিছিল করছেন, কালো পতাকা প্রশ্ন কেন আসবে? আজকে দেশি-বিদেশি সজন ও শুভাকাঙ্ক্ষী তাদের বন্ধুরাষ্ট্র, নির্বাচনের আগে তারা বিভিন্নভাবে একটা দেশের ক্ষমতাসীনদের পক্ষ নিয়ে কথা বলেছে। নিষেধাজ্ঞা ভিসানীতির মতো বিষয় বারবার দেখিয়েছে।’
ওবায়দুল কাদের বলেন, ‘তাদের কালো পতাকা, কালো ব্যাজের প্রতি জনগণের কোনো সমর্থন নেই। পুলিশকে অমান্য করে তাদের দম্ভোক্তি শুনেছি, আমরা আর অনুমতি নেব না। অনুমতি না নিয়ে রাজপথে ফ্রি স্টাইলে করবে আর আমরা চুপচাপ বসে থাকব, এটা হবে না।’
এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, এসএম কামাল হোসেন, মির্জা আজম, সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শাহাবুদ্দিন ফরাজী, মারুফা আক্তার পপি, ইসহাক আলী খান পান্না প্রমুখ।