× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দেশ নয়, সরকারের ক্রান্তি কাল চলছে: রিজভী

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২২ ১৩:০৬ পিএম

আপডেট : ০৩ নভেম্বর ২০২২ ১৪:২০ পিএম

জাতীয়তাবাদী মহিলা দলের আয়োজিত প্রতিবাদী সমাবেশ। প্রবা ফটো

জাতীয়তাবাদী মহিলা দলের আয়োজিত প্রতিবাদী সমাবেশ। প্রবা ফটো

দেশের ক্রান্তিলগ্নের সুযোগ নিয়েছে বিরোধী দল’ বিএনপিকে উদ্দেশ্য করে  প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ বক্তব্যের সমালোচনা করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশের নয়, সরকারের ক্রান্তিকাল চলছে। 

বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহিলা দল আয়োজিত বিক্ষোভ পরবর্তী সমাবেশে এ কথা বলেন রিজভী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার সংসদে প্রশ্নোত্তর পর্বে বৈশ্বিক মন্দা অবস্থার কথা তুলে ধরে বলেন, ‘দেশ যখন ক্রান্তিলগ্নে, তখন বিরোধী দল এর সুযোগ নিয়ে রাজনৈতিক পরিবেশ অশান্ত করার চেষ্টা করছে। তারা পানি ঘোলা করে মাছ শিকারের চেষ্টা করছে। এটা সমীচীন হচ্ছে না। এ প্রবণতা পরিহার করতে হবে।'

এ প্রসঙ্গে রিজভী বলেন, ‘আমি বলবো- ঘোলা পানিতে না, আপনাকে প্রকাশ্যে রাজপথে মানুষ মোকাবিলা করবে। আপনিতো এমনি একটা নড়বড়ে সিংহাসনের উপর বসে আছেন। আপনার সিংহাসনের চার পা ধরে রেখেছেন বিদেশি প্রভু এবং আইনশৃঙ্খলা বাহিনী। এবার তিনি মনে করছেন এটাও টিকবে না।'

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব আরও বলেন, 'বুধবার পার্লামেন্টে তিনি (প্রধানমন্ত্রী) বলেছেন, দেশে ক্রান্তিকাল চলছে। দেশের নয়, আপনার সরকারের ক্রান্তিকাল চলছে। আপনাদের দুঃশাসনের বিরুদ্ধে জনগণ এখন ঐক্যবদ্ধ ও সংঘবদ্ধ। তাদের উত্তাল অভিযাত্রায় মিছিলে মিছিলে আপনার সরকারের পদত্যাগের ধ্বনি উচ্চারিত হচ্ছে। জনগণের উত্তাল  মিছিলে আপনার সরকারের পতন ঘটবে।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশ করে মহিলা দল। 

রিজভী বলেন, ‘অন্যায় ও ষড়যন্ত্রমূলকভাবে আমাদের প্রাণপ্রিয় নেতা তারেক রহমানের নামে গ্রেপ্তারি পরোয়ানা দেওয়া হয়েছে। যিনি অনেক দূরে থেকে জাতিকে সুসংগঠিত করেছেন, সেই নেতাকে পরিকল্পিতভাবে টার্গেট করেছেন শেখ হাসিনা।’

বিএনপি নেতা বলেন, ‘শুধু তাকে নয়, এই অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কত নিষ্ঠুর ও কত অমানবিক তার উদাহরণ হলো তারেক রহমানের সঙ্গে তার সহধর্মিণী যার রাজনীতির সাথে কোনো সম্পর্ক নেই, তার নামেও মিথ্যা ও চক্রান্তমূলক মামলা দিয়েছেন। কেনো দিয়েছেন সেটা তিনিই জানেন।‘ 

এ ছাড়া বিএনপির সমাবেশ ঠেকাতে ছাত্রলীগ-যুবলীগকে লেলিয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করে রিজভী বলেন, ‘তারপরও পায়ে হেঁটে, নদী সাঁতরে, সাইকেল নিয়ে চিড়া-মুড়ি বেঁধে নছিমন-করিমন-ভটভটিতে করে জনগণ সমাবেশে যাচ্ছে। তিনি বাস বন্ধ করে দিলেন, অন্য যানবাহন বন্ধ করেও বিএনপির জনসভায় এতো লোক হচ্ছে কেনো? ৬৫ কিলোমিটার পথ হেঁটে সমাবেশে যোগ দিয়েছেন বাগেরহাটের একজন। মোস্তাফিজুর রহমান সোহেল অসুস্থ অবস্থায় রংপুরের সমাবেশে স্ট্রোক করে মারা গেছেন। এসব দেখে শেখ হাসিনা ভাবছেন, তিনি তো নড়বড়ে সিংহাসনে বসে আছেন।’

মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুলতানা আহম্মেদের পরিচালনায়  মহিলা দলের হেলেন জেরিন খান, নায়াবা ইউসুফ, শাহিনুর নার্গিস, মিসেস শামীমা রাহিমসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিক্ষোভে তারনা তারেক রহমান দম্পতির বিরুদ্ধে পরোয়ানা প্রত্যাহারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা