× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিএনপির কালো পতাকা মিছিল আজ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৪ ১৩:০১ পিএম

বিএনপির কালো পতাকা মিছিল আজ

দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দিন আজ মঙ্গলবার ঢাকাসহ সারা দেশে কালো পতাকা মিছিল করবে বিএনপি। ‘নিত্যপণ্যের চড়া দাম হ্রাস, ডামি সংসদ বাতিল ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনের’ এক দফা দাবিতে এ কর্মসূচি দিয়েছে দ্বাদশ ভোট বর্জন করা দলটি। তবে এদিন পূর্বঘোষিত লালসবুজ পতাকা নিয়ে শান্তি-উন্নয়ন সমাবেশ স্থগিত করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। 

সংসদ অধিবেশন থাকায় এরই মধ্যে ঢাকায় বিভিন্ন এলাকায় সভা-সমাবেশসহ মিছিল-শোভাযাত্রার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে পুলিশ। তবে গতকাল সোমবার ঢাকা মহানগর পুলিশকে চিঠি দিয়ে রাজধানীর পৃথক সাতটি স্থানে কালো পতাকা মিছিলের অনুমতি চেয়েছে বিএনপি। 

গত ২৭ জানুয়ারি একই দাবিতে ঢাকায় বিএনপির কালো পতাকা মিছিল থেকে ওই কর্মসূচি দেওয়া হয়। বিএনপির দপ্তর জানায়, দেশের সকল মহানগর, উপজেলা থানা পৌরসভাসহ সব ইউনিটে কালো পতাকা মিছিল হবে। রাজধানীতে ঢাকা মহানগর বিএনপির দুই কমিটির উদ্যোগে পৃথক সাতটি স্থানে কালো পতাকা মিছিলের প্রস্তুতি নেওয়া হয়েছে। মিছিলের জন্য অনুমতি চেয়ে ঢাকা মহানগর পুলিশকে চিঠি দিয়েছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। 

চিঠিতে বলা হয়েছে, ‘ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে মতিঝিল পীরজঙ্গী মাজার, ধানমন্ডি নিউমার্কেট, যাত্রাবাড়ী কদমতলী বাসস্টেশন ও সূত্রাপুর দয়াগঞ্জ মোড় থেকে এবং উত্তরের উদ্যোগে শাহজাদপুর সুবাস্তু নজরভ্যালি, উত্তরা ১২ নম্বর সেক্টর কবরস্থানের সামনে ও মিরপুর ৬ নম্বর সেকশন মসজিদের সামনে থেকে কালো পতাকা মিছিল করা হবে। দুপুর ২টা থেকে এই কর্মসূচি শুরু হবে।’ 

এ বিষয়ে চিঠিতে সই করা ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাইদুর রহমান মিন্টু বলেন, ‘আমরা ঢাকা মহানগর পুলিশকে (ডিএমপি) চিঠি দিয়ে কর্মসূচির বিষয়ে অবহিত করেছি। তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। আমরা কর্মসূচি পালন করব।’ 

তবে পুলিশের যুগ্ম কমিশনার (অপারেশন) বিপ্লব কুমার সরকার গতকাল সন্ধ্যায় সাতটায় বলেন, অনুমতি দেবেন পুলিশ কমিশনার। এখন পর্যন্ত এ নিয়ে কোনো নির্দেশনা আসেনি।

সমমনা দলগুলোর কর্মসূচি

বিএনপির যুগপৎ আন্দোলনের শরিকদলগুলোও আজ রাজধানীতে কর্মসূচি পালন করবে। ১২ দলীয় জোট, গণফোরাম, পিপলস পার্টি ও গণঅধিকার পরিষদ (নুর) সাড়ে ৩টায় বিজয়নগর পানির ট্যাংক সামনে থেকে, জাতীয়তাবাদী সমমনা জোট ৩টায় জাতীয় প্রেস ক্লাব সামনে থেকে, এলডিপি বেলা ১১টায় পল্টন মোড় থেকে, গণতান্ত্রিক বাম ঐক্য বেলা সাড়ে ১১টায় তোপখানা রোড মেহরাব প্লাজার সামনে থেকে এবং বাংলাদেশ লেবার পার্টি বেলা ১১টায় পুরানা পল্টন আলরাজী কমপ্লেক্স সামনে থেকে কালো পতাকা মিছিল বের করবে। গণতন্ত্র মঞ্চ বেলা সাড়ে ৩টায় জাতীয় প্রেস ক্লাব সামনে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করবে। এবি পার্টি ৩টায় বিজয়নগর দলীয় অফিসে লাল কার্ড প্রদর্শন করবে।

কর্মসূচি স্থগিত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ 

আজ ৩০ জানুয়ারির কর্মসূচি স্থগিত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এদিন লাল-সবুজ পতাকা হাতে সারা দেশে শান্তি ও উন্নয়ন সমাবেশ ঘোষণা দেওয়া হয়েছিল। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ পৃথকভাবে কর্মসূচি পালন করার প্রস্তুতি নিলেও গতকাল সোমবার স্থগিতের কথা জানানো হয়। 

গতকাল এক বিজ্ঞপ্তিতে ৩০ জানুয়ারি ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের কর্মসূচি স্থগিত করা হয়েছে বলে জানানো হয়। দপ্তর সম্পাদক প্রলয় সমদ্দার বাপ্পির দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনিবার্য কারণবশত ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে ৩০ জানুয়ারির কর্মসূচি স্থগিত করা হয়েছে। পরবর্তী কার্যসূচির বিষয়ে বিস্তারিত জানানো হবে। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দফতর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ জানান, পুলিশের অনুমতি না পাওয়ায় ৩০ জানুয়ারির কর্মসূচি স্থগিত করা হয়েছে। কর্মসূচির বিষয়ে পরে জানিয়ে দেওয়া হবে বলেও জানান তিনি। 

গত শনিবার (২৭ জানুয়ারি) বিকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে এক সমাবেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ৩০ জানুয়ারি সারা দেশে সমাবেশের ঘোষণা দেন। ওই দিন দলটি দেশের সব মহানগর, জেলা ও উপজেলায় লাল-সবুজ পতাকা নিয়ে শান্তি, গণতন্ত্র ও উন্নয়ন সমাবেশ করবে বলেও জানান তিনি। 

দলীয় সূত্রে জানা গেছে, ৩০ জানুয়ারি জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হচ্ছে। বিষয়টিকে গুরুত্ব দিয়ে এ দিন কর্মসূচি পালন থেকে সরে আসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা