প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৪ ১৯:৪০ পিএম
আপডেট : ০১ জানুয়ারি ২০২৪ ২০:১৭ পিএম
শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের কারাদণ্ডকে সরকারের প্রতিহিংসার প্রতিফলন বলে মনে করছে বিএনপি। সোমবার (১ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বিকালে ভার্চুয়াল ব্রিফিংয়ে এ মন্তব্য করেন।
তিনি এই রায়কে ফরমায়েশি আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ জানান।
রিজভী বলেন, ‘শ্রম আইন লঙ্ঘনের কথিত মামলায় শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে ফরমায়েশি রায়ে সোমবার ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদালত। গণভবনের এই রায়ে পুরো জাতি লজ্জিত। ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে শেখ হাসিনার অব্যাহত বিষোদগার ও হুমকি প্রমাণ করে প্রতিহিংসার বশবর্তী হয়ে এই রায় দেওয়া হয়েছে।’
তিনি বলেন, ‘২০২২ সালের ১৮ মে এক আলোচনা সভায় শেখ হাসিনা পদ্মা নদীতে টুস করে ফেলে দিয়ে হত্যা করার হুমকি দেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। ড. ইউনূসকে পদ্মা সেতু থেকে পানিতে ফেলে চুবিয়ে মারার হুমকি দিয়েছিলেন। তখন থেকেই স্পষ্ট হয়, ড. ইউনূসকে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে। দেশে লাখ লাখ কোটি টাকা পাচারের হোতা, লুটেরা, ব্যাংক ডাকাত, ঋণখেলাপিদের কিছুই হয় না। সম্পূর্ণ সাজানো-গোছানো রায়ে সাজা দেওয়া হয় ড. ইউনুসের মতো জাতির গর্বকে।’
গত ৪৮ ঘণ্টায় সারা দেশে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের গ্রেপ্তার, মামলা, আসামি ও আহতদের তালিকা তুলে ধরেন তিনি। রিজভী জানান, এ সময়ে গ্রেপ্তার করা হয়েছে ২৩৫ জন নেতাকর্মীকে, আহত হয়েছে ৫৫ জন এবং মামলা করা হয়েছে ১২টি। এসব মামলায় আসামি করা হয়েছে ৯৮৩ জন নেতাকর্মীকে।