ঢাকা-১৮
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৩ ২২:৫১ পিএম
আপডেট : ২২ ডিসেম্বর ২০২৩ ২২:৫৪ পিএম
উত্তরখানের হযরত শাহ কবির (র.) মাজার জিয়ারত ও মোনাজাত করছেন ঢাকা-১৮ আসনের স্বতন্ত্র প্রার্থী (কেটলি মার্কা) মো. খসরু চৌধুরী সিআইপিসহ নেতাকর্মীরা। প্রবা ফটো
নির্বাচনী প্রচারণায় ভোটারদের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা করছেন ঢাকা-১৮ আসনের স্বতন্ত্র প্রার্থী (কেটলি মার্কা) ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. খসরু চৌধুরী।
শুক্রবার (২২ ডিসেম্বর) দুপুরে উত্তরখানের হযরত শাহ কবির (র.) মাজার জিয়ারত ও বিশেষ মোনাজাতের মাধ্যমে তিনি কার্যক্রম শুরু করেন।
কেটলি প্রতীক নিয়ে নিজের নির্বাচনী এলাকার উত্তরখানের তালতলা, সাহেরটেক, রাজাবাড়ি, বড়বাগ, মাস্টার পাড়া, চাঁনপাড়া, মুন্ডা মুক্তার মার্কেট, চাঁনপাড়া, মৈনারটেক বাজার, কুমুদখোলা তেরমুখ, উজামপুর, মাউছাইদ, চামুরখান মোড়, হেলাল মার্কেট, মাদার বাড়ী, গাজীপাড়া ও ফৌজির বাতানের ভোটারদের কাছে গিয়ে ভোট প্রার্থনা করেন খসরু চৌধুরী।
খসরু চৌধুরী বলেন, তিনি এমপি নির্বাচিত হলে ঢাকা-১৮ আসনের নাগরিকদের সিটি করপোরেশনের নিকট থেকে প্রাপ্য সকল সুযোগ-সুবিধা সুনিশ্চিত করবেন। জরুরি ভিত্তিতে ড্রেনেজ ও পয়ঃনিষ্কাশনের পদক্ষেপ গ্রহণ, রাস্তা উন্নয়ন, নির্মাণ ও সংস্কার করা, সুপেয় পানি সরবরাহের ব্যবস্থা উন্নয়ন ও গ্যাস প্রবাহ সমস্যার সমাধান করবেন।
তিনি আরও বলেন, মানসম্মত শিক্ষা ব্যবস্থা বাস্তবায়ন ও দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি প্রদান করবেন। ধর্মীয় প্রতিষ্ঠানসমূহের উন্নয়ন ও বিনামূল্যে ওয়ার্ড ভিত্তিক ধর্মীয় শিক্ষা প্রদান করবেন। মাদক, সন্ত্রাস, ঘুষ ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন। প্রতিটি ওয়ার্ডে কমপক্ষে একটি করে খেলার মাঠ নির্মাণ, মাদক থেকে দূরে থাকার জন্য শিশু, কিশোর ও যুবকদের মাঝে ক্রীড়া সরঞ্জাম প্রদান করবেন। চিকিৎসা ব্যবস্থা উন্নয়ন, দরিদ্রদের মাঝে চিকিৎসা সহায়তা ও স্বাস্থ্য ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান করবেন।
ঢাকা-১৮ আসনের এ প্রার্থী বলেন, কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার মাধ্যমে বেকার যুব সমাজের বেকারত্ব দূরীকরণ করব। ঢাকা-১৮ সংসদীয় আসনে একটি বয়স্ক পুনর্বাসন কেন্দ্র প্রতিষ্ঠা করা হবে। অঞ্চলভেদে প্রয়োজনীয়তার নিরিক্ষে সরকারি হাসপাতাল ও কবরস্থান নির্মাণ করব। প্রতিবন্ধী ও কন্যা দায়গ্রস্ত পিতা-মাতাকে সাধ্যমত সহযোগিতা দিব।
এ সময় উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মতিউর রহমান মতি, ডিএনসিসির ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আফসার উদ্দিন খাঁন, কার্যকরী সদস্য কাজী সালাউদ্দিন পিন্টু, আওয়ামী লীগ নেতা সেলিম খান, উত্তরখান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান মিলন প্রমুখ।