প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৩ ১০:২০ এএম
আপডেট : ৩০ নভেম্বর ২০২৩ ১০:২০ এএম
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়। ফাইল ছবি
দ্বাদশ সংসদ নির্বাচনে ঘোষিত তফসিলে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দেশজুড়ে সকাল-সন্ধ্যা সর্বাত্মক হরতালের ডাক দিয়েছে বিএনপি। জামায়াতসহ মিত্র দলগুলোরও একই কর্মসূচি রয়েছে আজ। এর আগে দুই দফায় ২৯ অক্টোবর এবং ১৯ ও ২০ নভেম্বর হরতাল পালন করে দলগুলো। সপ্তাহের দুই ছুটির দিন শুক্র ও শনিবার ছাড়াও ৭, ৪, ১৯ ও ২৮ নভেম্বর চারটি মঙ্গলবার বিরতি দিয়ে এখন পর্যন্ত ২২ কর্মদিবসে আট দফায় ১৭ দিন অবরোধ কর্মসূচি পালন করে তারা। গত সোমবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী হরতাল কর্মসূচি ঘোষণা করেন।
এদিকে বুধবার অষ্টম দফার অবরোধে রাজধানীতে যানবাহন চলাচল ছিল স্বাভাবিক। শহরের বিভিন্ন স্থানে ছিল যানজট। রাজধানী থেকে দূরপাল্লার বাস ছাড়লেও যাত্রী ছিল কম। লঞ্চ চলাচল ছিল স্বাভাবিক।
গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে ৬টি যানবাহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ৪টি বাস ও ২টি ট্রাক ক্ষতিগ্রস্ত হয়। এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও ঝটিকা মিছিল করেছে বিরোধীরা। রাজধানীসহ দেশজুড়ে সতর্ক পাহারায় ছিল পুলিশ, র্যাব, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও আনসার সদস্যরা।
অবরোধ ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্যেও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। এ ছাড়া রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এতে আহত হয়েছে বেশ কয়েকজন। এদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে। বুধবার নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় অভিযান চালিয়ে নাশকতার মামলায় ফতুল্লা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মুসলিম এবং মানিকগঞ্জ সদর থেকে দীঘলিয়া ইউনিয়ন বিএনপির কর্মী মামুন হোসেনকে গ্রেপ্তার করে র্যাব। এ ছাড়াও দেশের বিভিন্ন স্থান থেকে নাশকতার ঘটনার সঙ্গে জড়িত মোট ৯ জনকে গ্রেপ্তার করে সংস্থাটি। ২৮ অক্টোবর থেকে এ পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও নাশকতার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৭৯৫ জনকে গ্রেপ্তার করেছে র্যাব।
২৪ ঘণ্টায় ৬ যানবাহনে আগুন : সারা দেশে ২৪ ঘণ্টায় ৬ যানবাহনে আগুন দেওয়ার তথ্য পেয়েছে ফায়ার সার্ভিস। বুধবার ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার দুপুরে গাজীপুর সদরের ধীরাশ্রম রোডে ও সিরাজগঞ্জের হাটিকুমরুল এলাকায় রাত ৩টায় দুটি ট্রাকে আগুন দেওয়া হয়। এ ছাড়াও বাগেরহাটের রামপালের ফয়লা বাজারে, রাজধানীর শ্যামপুরের দোলাইরপাড় ও যাত্রাবাড়ী ফ্লাইওভারের নিচে এবং গাজীপুরের সালনায় চারটি বাসে আগুন দেওয়া হয়।
ককটেল বিস্ফোরণ : বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে পল্টনের কালভার্ট রোডে ককটেল বিস্ফোরণে এক পথচারীসহ দুজন আহত হয়েছেন। আহতরা হলেনÑ এ কে আজাদ ও ঢাকা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সদস্য আব্দুর তাহের ভূঁইয়া মুকুট। এ ছাড়া মঙ্গলবার রাত ১০টার দিকে বেইলি রোডে দুর্বৃত্তদের ছোড়া ককটেল বিস্ফোরণে দুজন আহত হয়েছেন। তারা হলেনÑ সাকিব হোসেন ও আশিকুর রহমান।
এদিকে রাজশাহীর আদালত চত্বরসহ নগরীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দুজন আহত ও ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া মঙ্গলবার রাতে চাঁপাইনবাবগঞ্জ নির্বাচন অফিসের সীমানাপ্রাচীরে ককটেল বিস্ফোরণের ঘটনায় দুই যুবদল কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেনÑ তুফান আলী ও আলী হোসেন।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, নির্বাচন অফিসের সীমানা প্রাচীরের ককটেল বিস্ফোরণের ঘটনায় দুই যুবদল কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
দেশের বিভিন্ন স্থানে গ্রেপ্তার : বুধবার সাভারের আমিনবাজার ইউনিয়নের বলিয়ারপুর থেকে রাজধানীর পল্লবী থানার ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নজরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বরিশালে অবরোধের সমর্থনে পৃথক দুই মিছিল থেকে মহানগর বিএনপির আহ্বায়কসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের ৫ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুরে নগরীর বান্দ রোড ও বটতলা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে কোতোয়ালি মডেল থানার ওসি আনোয়ার হোসেন জানিয়েছেন। গ্রেপ্তারকৃতরা হলেনÑ মহানগর বিএনপির আহ্বায়ক (ভারপ্রাপ্ত) অ্যাডভোকেট আলী হায়দার বাবুল, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মশিউর রহমান মঞ্জু, ১৮ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান মিনার, জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক তামজীদ হোসেন ও চরমোনাই ইউনিয়ন যুবদলের সভাপতি সালেহ মোহাম্মদ সোয়েব। খাগড়াছড়িতে সরকারি চালবাহী ট্রাকে আগুন দেওয়ার ঘটনায় বিএনপির ৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে গুইমারা থানা পুলিশ। তারা হলেনÑ গুইমারা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক (চলতি দায়িত্ব) মেহেদী হাসান বিজয়, আ. আজিজ, মুক্তার আলী, মো. সাইদুল ইসলাম, বাবুল খাঁ।
সিরাজগঞ্জে পিকআপে আগুন : বুধবার ভোররাতে সিরাজগঞ্জে মহাসড়কে একটি সবজিবোঝাই পিকআপে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুন দেওয়ার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম.এ ওয়াদুদ বলেন, একটি সবজিবাহী পিকআপ উত্তরবঙ্গ থেকে সবজি নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল। পিকআপটি আজিজ ফিলিং স্টেশন এলাকায় পৌঁছালে কয়েক দুর্বৃত্ত পিকআপটিতে আগুন দেয়।