চতুর্থ দফা অবরোধ
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৩ ০৯:০০ এএম
আপডেট : ১২ নভেম্বর ২০২৩ ১৩:২৮ পিএম
প্রবা ফটো
বিএনপির ডাকা চতুর্থ দফায় ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধের প্রথম দিনে রাজধানীর মতিঝিলে বিক্ষোভ মিছিল ও পিকেটিংয়ের মাধ্যমে সড়ক অবরোধ করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
রবিববার (১২ নভেম্বর) সকাল ৭টার দিকে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে মিছিল নিয়ে চৌরাস্তার মাথায় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সড়ক অবরোধ ও পিকেটিং করে তারা। এতে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রিজভী বলেন, ‘গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির অবরোধে সর্বস্তরের জনগণ সমর্থন জানিয়েছেন। জনগণের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়ে শক্তি প্রয়োগ করে গ্রেপ্তার নির্যাতন করে কোনো লাভ হবে না। দেশের ৯০ ভাগ জনগোষ্ঠীকে বাইরে রেখে এ দেশে আর কোনো পাতানো নির্বাচন হতে দেওয়া হবে না। জনগণের সামনে আর কোনো অপশক্তিই টিকবে না। বাংলাদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করেই বিএনপির নেতাকর্মীরা ঘরে ফিরবে।’
এ সময় বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম,সহস্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. পারভেজ রেজা কাকন, নির্বাহী কমিটির সদস্য মাহবুবুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন খান, সিদ্দিকুর রহমান মিন্টু, জিল্লুর রহমান খান, শাহবাগ থানার আহ্বায়ক মোহাম্মদ জসিম উদ্দিন মতিঝিল থানার আহ্বায়ক জেকে লাভলো ডালি, খিলগাঁও থানার আহ্বায়ক মোহাম্মদ আমির হোসেন, মুগদা থানার আহ্বায়ক মো. কুদ্দুস বেপারী, পল্টন থানার আহ্বায়ক মো. আবু তাহের শাজাহানপুর থানার আহ্বায়ক মো. মিন্টু, সবুজবাগ থানার আহ্বায়ক মোহাম্মদ স্বাধীন, সদস্য সচিব জসীমউদ্দীনসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।