প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৩ ০০:১১ এএম
আপডেট : ০২ নভেম্বর ২০২৩ ১০:৫২ এএম
ফাইল ছবি
বিরোধী দলসমূহের শান্তিপূর্ণ কর্মসূচিতে পরিকল্পিত নাশকতা সম্পর্কে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে গণতন্ত্র মঞ্চ। বুধবার (১ নভেম্বর) রাতে দলের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।
বিবৃতিতে বলা হয়েছে, সরকার ও সরকারি দল বিএনপিসহ আন্দোলনরত বিরোধী দলসমূহের ওপর নিপীড়নের মাত্রা বাডানোর নতুন ছক কষছে বলে আশঙ্কা করা হচ্ছে। ২৮ অক্টোবরের মতো বিরোধী দলের শান্তিপূর্ণ কর্মসূচির মধ্যে পরিকল্পিত নাশকতা ঘটানোর কথাও শোনা যাচ্ছে। বিরোধী দলসমূহের অবরোধ কর্মসূচির মধ্যেই এসব নাশকতা সৃষ্টির আলামত দেখা যাচ্ছে। এসব অপতৎপরতার লক্ষ্য হচ্ছে বিরোধী দলসমূহের শান্তিপূর্ণ রাজনৈতিক আন্দোলনকে নাশকতা হিসেবে তুলে ধরা এবং রাজনৈতিক বিরোধীদের দমনে নতুন অজুহাত তৈরি করা।
আরও বলা হয়েছে, গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে এসব অপতৎপরতার বিরুদ্ধে সতর্ক থেকে জনগণকে সম্পৃক্ত করে শান্তিপূর্ণভাবে আন্দোলনের কর্মসূচিসমূহ এগিয়ে নিতে আন্দোলনের নেতাকর্মী ও জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে সরকার ও সরকারি দলের কোনো উস্কানিতে পা না দিতেও দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়।