রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৩ ১২:২৫ পিএম
আপডেট : ২৮ অক্টোবর ২০২৩ ১৫:৫৭ পিএম
রাজধানীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ রয়েছে। প্রবা ফটো
বিএনপি
ও আওয়ামী লীগের পাল্টাপাল্টি সমাবেশকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট
মহাসড়ক ও এশিয়ান হাইওয়ে বাইপাস সড়ক যানবাহন শূন্য হওয়ায় যাত্রী ভোগান্তি চরম
আকার ধারণ করেছে। যাতায়াতের জন্য পরিবহন না পেয়ে হতাশা প্রকাশ করেন যাত্রীরা।
শনিবার (২৮ অক্টোবর) সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা, গোলাকান্দাইল, বরপা, বিশ্বরোড এবং এশিয়ান হাইওয়ে বাইপাস সড়কের কাঞ্চন মায়ার বাড়ি, কালাদী ও ৩০০ ফিট সড়কে যানবাহন নেই।
এলাকাবাসী
ও যাত্রী সাধারণের সঙ্গে কথা বলে জানা যায়, দুই দলের সমাবেশকে কেন্দ্র করে
মহাসড়কগুলোতে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। বিশেষ করে যাত্রীবাহী বাসসহ
বিভিন্ন পরিবহন একেবারেই বন্ধ রয়েছে। তবে কিছু কিছু জায়গায় লেগুনা ও ব্যাটারি
চালিত অটোরিকশা চলতে দেখা গেছে। এদিকে রূপগঞ্জ থেকে কুড়িল বিশ্বরোডে বিআরটিসি বাস
চালু থাকলেও যাত্রী নেই বললেই চলে।
বিভিন্ন
শিল্পপ্রতিষ্ঠানের শ্রমিকরা জানান, রূপগঞ্জে অনেক শিল্পপ্রতিষ্ঠান রয়েছে। এসব
শিল্পপ্রতিষ্ঠানে লাখ লাখ শ্রমিক-কর্মচারী কাজ করছেন। তারা প্রতিদিন যাত্রীবাহী
বাসে কর্মস্থলে যাতায়ত করেন ।পরিবহন বন্ধ থাকায় তাদের রিকশা-ভ্যানে করে
কর্মস্থলে যেতে হচ্ছে। এতে ৫ টাকা থেকে দশ টাকার ভাড়ার স্থলে ১০০ থেকে ১৫০ টাকা
গুনতে হচ্ছে। আবার কেউ কেউ হেঁটেও কর্মস্থলে যাচ্ছেন। সময় মতো কর্মস্থলে যেতে
পারছেন না বলে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই।
নরসিংদীর
মনোহরদী থানার গজারিয়া এলাকার আব্দুর রহমান বলেন, আমি ভুলতা গাউছিয়া মার্কেটে
ব্যবসা করি। পারিবারিক প্রয়োজনে বাড়িতে যেতে হবে। তবে সকাল থেকে বসে আছি কোনো
পরিবহন পাচ্ছি না। বাড়িতে যেতে না পারলে আমার অনেক সমস্যা হয়ে যাবে।
কিশোরগঞ্জ
জেলার কটিয়াদী থানার আলমপুর এলাকার মহিউদ্দিন বলেন, রূপগঞ্জের বরপা এলাকায়
আত্মীয়র বাড়িতে বেড়াতে এসেছিলেন পরিবার নিয়ে। সকাল ছয়টা থেকে বাসের জন্য
অপেক্ষা করছেন। কোনো বাস নেই। এ অবস্থায় মনে হয় বাড়ি যাওয়া হবে না আত্মীয়ের
বাড়িতে থেকে যেতে হবে।
গাউছিয়া
পাইকারি কাপড়ের বাজারের ব্যবসায়ী মোক্তার হোসেন বলেন, পরিবহন বন্ধ থাকায় মালামাল
আনতে যাওয়ার চিন্তা করতে পারতেছি না। তাই মালামাল না এনেই দোকানে বসে থাকতে
হচ্ছে।
এদিকে গত
কয়েক দিনের মতো আজও দুই দলের সমাবেশকে কেন্দ্র করে নাশকতামূলক কর্মকাণ্ড এড়াতে
রাজধানীর প্রবেশ মুখ রূপগঞ্জে যানবাহনে তল্লাশি করেছে পুলিশ। রাজধানীতে কোনো যাত্রীবাহী
যানবাহন প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
রূপগঞ্জ
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম শাহেদ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, সাধারণ
মানুষের জানমালের নিরাপত্তার দেওয়ার জন্য নিয়মিত তল্লাশির অংশই এটি। অপরাধীদের কোনো প্রকার অপরাধ করতে দেওয়া হবে না। নাশকতামূলক কর্মকাণ্ড কেউ যদি স্বপ্নেও
চিন্তা করেন তাহলে ভুল করবেন ।
তিনি
জানান, রূপগঞ্জ থানা পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ২৪ ঘণ্টা প্রস্তুত রয়েছে।
রাজধানীর প্রবেশ মুখসহ সকল গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।