প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৩ ১৪:০৮ পিএম
আপডেট : ০৯ অক্টোবর ২০২৩ ১৬:৫৫ পিএম
যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল আওয়ামী লীগের সঙ্গে বৈঠকে বসেছে। সোমবার (৯ অক্টোবর) দুপুরে রাজধানীর হোটেল শেরাটনে এই বৈঠক শুরু হয়।
আওয়ামী লীগের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এই প্রতিনিধিদলে আরও রয়েছেন, সভাপতিমণ্ডলীর সদস্য মুহাম্মদ ফারুক খান, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক শাম্মী আহমেদ, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক সেলিম মাহমুদ ও কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আলী আরাফাত।
মার্কিন পর্যবেক্ষক দলে রয়েছেন- মারিয়া চিন আব্দুল্লা, মারিও মাইত্রি, জেমি ক্যানডেন্স সাক্স স্পাইকারম্যান, আকাশ সিসাসাই কুলোরি, ডেনিয়েল মাইকেল রেইলি, জিওফ্রে পিটার ম্যাকডোনাল্ট।
এদিকে এর আগে সকালে বিএনপির সঙ্গে বৈঠক করেছে যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষকদলটি।
আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি সরেজমিনে যাচাই করতে গত শনিবার ঢাকায় আসে যুক্তরাষ্ট্রের যৌথ প্রাক-নির্বাচন মূল্যায়ন মিশনের (পিইএএম) সাত সদস্যের প্রতিনিধিদল। প্রতিনিধিদলটি আগামী ১৩ অক্টোবর পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবে।