ফেনী প্রতিবেদক
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৩ ২০:৫২ পিএম
আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৩ ২২:৩৫ পিএম
ফেনী শহরের রামপুর পাটোয়ারী বাড়ির সামনে আয়োজিত এক সভায় বরকত উল্লাহ বুলু। প্রবা ফটো
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কিছু হলে আওয়ামী লীগের নাম-নিশানা মুছে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন দলের ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকালে ফেনী শহরের রামপুর পাটোয়ারী বাড়ির সামনে ‘আগামী ৫ অক্টোবর অনুষ্ঠিতব্য কুমিল্লা থেকে চট্টগ্রাম পর্যন্ত বিএনপির রোডমার্চের কর্মসূচি সফল করার লক্ষ্যে’ আয়োজিত এক প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন।
বরকত উল্লাহ বুলু বলেন, ‘ফিলিস্তিনের সাবেক প্রেসিডেন্ট ইয়াসির আরাফাতকে হত্যা করার জন্য চার বছর আগেই স্লো পয়জনিং করা হয়েছিল। বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটপূর্ণ হওয়ার পরও তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ যেতে দেওয়া হচ্ছে না। তিলেতিলে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। আমরা ধারণা করছি, সরকার তাকে হত্যা করতে তার শরীরে কোনো ধরনের বিষ দিয়েছে, যা বিদেশে চিকিৎসা নিতে গেলে মানুষ জেনে যাবে। এই আতঙ্কে সরকার খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ যেতে দিচ্ছে না। আমরা পরিস্কারভাবে বলতে চাই, খালেদা জিয়া জিয়ার কিছু হলে বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগের নাম-নিশান রাখা হবে না।’
বিএনপি ভাইস চেয়ারম্যান বলেন, ‘বাংলাদেশের প্রথম মুক্তিযোদ্ধা নারী বন্দি খালেদা জিয়া। ১৯৭১ সালে তার দুই ছেলে যখন বাবার সঙ্গে যুদ্ধে ছিলেন, তখন খালেদা জিয়াকে অপহরণ করে ক্যান্টম্যান্টে বন্দি করে রাখা হয়েছিল। তার সঙ্গে অন্যায় কিছু হতে দেওয়া যাবে না।’
তিনি আরও বলেন, ‘দেশ থেকে ১৪ লাখ কোটি টাকা লুটপাট করে যারা বিদেশে সম্পদের পাহাড় করেছেন, তাদের বিরুদ্ধে এখন স্যাংশন দেওয়া হয়েছে। যাদের বিরুদ্ধে স্যাংশন হয়েছে তাদের বিচার জনতার আদালতে হবে। তাদেরকে সকল ক্ষেত্রেই বয়কট করতে হবে।’
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু। কুমিল্লা মিরসরাই ফেনী চট্টগ্রাম রোডমার্চ বাস্তবায়ন কমিটির সমন্বয়ক ও বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহ জাহানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভুইয়া, অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি, বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী।
চট্টগ্রাম বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মহবুবের রহমান শামীমের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, সহ-গ্রামবিষয়ক সম্পাদক বেলাল আহমেদ, লক্ষ্মীপুরের সাবেক এমপি আশ্রাফ উদ্দিন নিজাম, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য রেহেনা আক্তার রানু, আবু তালেব, চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী প্রমুখ।
এ ছাড়াও সভায় ফেনী, লক্ষীপুর, নোয়াখালী ও মীরসরাইয়ের জেলা, উপজেলা ও পৌরসভার নেতাকর্মীরা অংশ নেয়।
উল্লেখ্য, শেখ হাসিনার পদত্যাগ, অবৈধ সংসদ বিলুপ্ত, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন ও বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে আগামী ৫ অক্টোবর কুমিল্লা থেকে চট্টগ্রাম পর্যন্ত রোডমার্চের কর্মসূচি পালন করবে বিএনপি।