× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাসপোর্ট পোড়ালেন তমিজি হক, ক্ষুব্ধ আওয়ামী লীগ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৩ ০০:৩০ এএম

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৩ ১১:২৮ এএম

আদম তমিজি হক। ছবি : সংগৃহীত

আদম তমিজি হক। ছবি : সংগৃহীত

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ও লাইভে এসে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ও তার চাচা মতিউর রহমান মতিসহ কয়েকজনের বিরুদ্ধে অর্থ ও সম্পত্তি আত্মসাতের অভিযোগ এনেছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য ও হক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আদম তমিজি হক।

একই সঙ্গে অভিযোগ তোলার পাশাপাশি নিজের পাসপোর্টও পুড়িয়ে ফেলতে দেখা গেছে ক্ষুব্ধ আদম তমিজিকে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় তোলপাড় শুরু হয়েছে আওয়ামী লীগের রাজনীতিতে। বিশেষ করে পাসপোর্ট পুড়িয়ে ও দলের বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নিয়ে তমিজি আওয়ামী লীগকে বিব্রতকর অবস্থায় ফেলেছেন বলে মনে করছেন দলটির নেতারা। এই ঘটনায় ক্ষুব্ধ দলের হাইকমান্ডও। এরই মধ্যে কেন্দ্রের পক্ষ থেকে তাকে সরাসরি বহিষ্কার করতে ঢাকা মহানগর উত্তরের নেতাদের নির্দেশ দেওয়া হয়েছে। 

এদিকে আদম তমিজি হকের আনা অভিযোগের বিষয়ে কথা বলতে ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ও তার চাচা মতিউর রহমান মতির সঙ্গে যোগাযোগ করা হয়। মতিউর রহমান মতি দাবি করেছেন, তমিজির আনা অভিযোগ সঠিক নয়। তার সঙ্গে আর্থিক লেনদেনের কোনো সম্পর্ক নেই। প্রতিমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব নয়।

আওয়ামী লীগের একাধিক নেতা এ বিষয়ে জানান, পাসপোর্ট পোড়ানোর ঘটনা আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের বেশ বিব্রতকর পরিস্থিতির মধ্যে ফেলেছে। বিশেষ করে আওয়ামী লীগের একজন নেতা হয়ে লাইভে এসে পাসপোর্ট পোড়ানোর মতো রাষ্ট্রদ্রোহিতামূলক কর্মকাণ্ডের মধ্য দিয়ে তিনি শুধু গর্হিত অপরাধই করেননি, দলকেও হেয় করেছেন। এমন বিকৃত চিন্তার মানুষের আওয়ামী লীগ করার সুযোগ নেই বলে মনে করেন তারা। বিষয়টি নিয়ে গতকাল ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএ মান্নান কচির বাসায় জরুরি বৈঠকে বসেন ওই ইউনিটের নেতারা। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানসহ অন্য নেতারা সেখানে উপস্থিত ছিলেন। 

এ প্রসঙ্গে আওয়ামী লীগের ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মির্জা আজম গতকাল প্রতিদিনের বাংলাদেশকে বলেন, এরই মধ্যে আদম তমিজি হককে সংগঠন থেকে সরাসরি বহিষ্কার করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রকাশ্যে বাংলাদেশের পাসপোর্ট পোড়ানোর পর তিনি তো দেশের নাগরিক থাকতে পারেন না। এজন্য তাকে সরাসরি বহিষ্কার করার নির্দেশ দেওয়া হয়েছে।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান জানান, দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সিঙ্গাপুর থেকে দেশে ফেরার পর আদম তমিজি হকের বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে। তিনি বলেন, তার (তমিজি) ভিডিওটি আমাদের যথেষ্ট বিব্রত করেছে। তিনি বাংলাদেশের পাসপোর্ট পুড়িয়েছেন, এটা রাষ্ট্রদ্রোহের শামিল। সে কারণে আমরা তাকে বহিষ্কারের সুপারিশ করব।

প্রসঙ্গত, ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পাশাপাশি লাইভে আসেন আদম তমিজি হক। শুক্রবার রা‌তে তিনি ফেসবু‌কে লাইভে এসে ব‌লেন, প্রতিমন্ত্রী রা‌সেলের পিতা একজন ভা‌লো মানুষ। তবে রাসেল ও তার চাচা ম‌তি এবং কাউন্সিলর নুরুর বিরুদ্ধে নানা অভিযোগ উত্থাপন করেন। তমিজি অভিযোগ করেন, টঙ্গীতে অবস্থিত হক গ্রুপের কারখানা দখলের জন্য ওই এলাকার এমপি ও প্রতিমন্ত্রী রাসেলের চাচা মতিউর রহমান মতি এবং হক গ্রুপের বরখাস্তকৃত চিফ অপারেশনাল অফিসার (সিওও) মুশফিকুর রহমান রোমেল মিলে ষড়যন্ত্র করছেন। 

অভিযোগের বিষয়ে মতিউর রহমান মতি বলেন, ‘হি ইজ এ ক্র্যাক। প্রকাশ্যে ফেসবুক লাইভে এসে পাসপোর্ট পোড়ায়, বউকে মারধর করে। কারখানার শ্রমিকদের মারধর করে। এক শ্রমিককে মারার খবর পেয়ে আমি তার কারখানায় গিয়েছিলাম। এলাকারই কিছু মানুষের ইন্ধনে সে (তমিজি) আমাদের বিরুদ্ধে এসব অপবাদ দিচ্ছে। এগুলো সঠিক নয়।’ 

এদিকে ফেসবুক লাইভে পাসপোর্ট পোড়ানোর সময় আদম তমিজি হককে বলতে শোনা যায়, ‘আমি আদম তমিজি হক, আওয়ামী লীগের একজন নেতা ছিলাম। আওয়ামী লীগ আমার ১ হাজার কোটি টাকা মেরে দিয়েছে। আমাকে দেশছাড়া করেছে। মিথ্যা মামলা দিয়ে জেল খাটানোর চেষ্টা করছে। যার কারণে আমি বাংলাদেশের নাগরিকত্ব বর্জন করলাম। আমার এ দেশের নাগরিকত্ব আর চাচ্ছি না। কারণ এদেশের নাগরিক হওয়ার যোগ্যতা আমার নেই। আমার যদি কোনো ক্ষতি হয় তাহলে আপনারা বুঝে নিয়েন কারা এই ক্ষতি করছে।’

পাসপোর্ট পোড়ানোর ঘটনার বিষয়ে সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, এটি অবশ্যই একটি গুরুতর অপরাধ এবং রাষ্ট্রদ্রোহিতামূলক অপরাধ। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা