× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ল্যাভরভের বক্তব্যকে আশঙ্কাজনক মনে করছে বিএনপি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৩ ২২:০০ পিএম

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৩ ২২:১১ পিএম

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রবা ফটো

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রবা ফটো

ঢাকা সফরে এসে যুক্তরাষ্ট্রের কঠোর সমালোচনা এবং বাংলাদেশ সরকারের প্রশংসা করে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের দেওয়া বক্তব্যকে আশঙ্কাজনক বলে মনে করছে বিএনপি। এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তাতে স্পষ্ট হয়ে উঠেছে যে বাংলাদেশ বৃহৎ শক্তিগুলোর মর্যাদার লড়াইয়ে, তাদের ক্ষমতার বলয়ের একটা ক্ষেত্র হিসেবে ব্যবহৃত হতে চলেছে।’ 

এর আগে দুই দিনের সফরে বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) ঢাকায় পৌঁছে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে কথা বলেন সের্গেই ল্যাভরভ। প্রথম রুশ পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বাংলাদেশ সফরে আসা ল্যাভরভ সংবাদ সম্মেলনে বলেন, ‘যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইন্দো-প্যাসিফিক কৌশল ব্যবহার করে তাদের স্বার্থ হাসিলের চেষ্টা করছে এ অঞ্চলে।’ বিভিন্ন দেশের অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের কঠোর সমালোচনা করে রাশিয়ার এই মন্ত্রী আরও বলেন, ‘যারা অন্যদের হুকুম করে যে কী করতে হবে ও অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে তাদের প্রতিরোধ করতে রাশিয়া এই অঞ্চলে তার মিত্রদের সঙ্গে একসঙ্গে কাজ করবে।’

পশ্চিমা চাপের পরও জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে স্বাধীন পররাষ্ট্রনীতি অনুসরণ করায় বাংলাদেশের প্রশংসা করেন ল্যাভরভ। তিনি বলেন, দক্ষিণ এশিয়ায় ভারতের পর বাংলাদেশ রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম অংশীদার। বাংলাদেশের সঙ্গে রাজনৈতিকসহ সর্বস্তরে সম্পর্ক জোরদারে তার দেশ আগ্রহী বলেও জানান রুশ পররাষ্ট্রমন্ত্রী। 

তার এ বক্তব্যের প্রতিক্রিয়ায় শুক্রবার (৮ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রাপূর্ব সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, ঢাকা সফরে এসে রুশ পররাষ্ট্রমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তা আশঙ্কাজনক। এজন্য সরকারের সমালোচনা করে তিনি আরও বলেন, ‘এটার জন্য সম্পূর্ণ দায়ী বর্তমান সরকার। তারা (সরকার) অবিবেচকের মতো দায়িত্বজ্ঞানহীনভাবে কথাবার্তা বলে তাদের কূটনীতিকে পরিচালিত করে বাংলাদেশকে একটা ভয়াবহ পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে।’

রাশিয়ার মন্ত্রীর বক্তব্য নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য এবং দলটির আন্তর্জাতিক বিষয়ক কমিটির চেয়ারম্যান আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘এটা তো তাদের নতুন কথা নয়। কারণ, যারা ভোট, নির্বাচন ও মানবাধিকারে বিশ্বাস করে না তাদের পক্ষে এসব কথা বলা সম্ভব। এসব কাজ করা সম্ভব।’

ভারতের নয়াদিল্লিতে শুক্রবার শুরু হয়েছে জি-২০ শীর্ষ সম্মেলন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে ওই সম্মেলনে যোগ দিতে গেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রীর মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের জাতীয় নির্বাচনের আগে এটিই দুই নেতার শেষ বৈঠক। আগামী নির্বাচন ঘিরে আওয়ামী লীগ সরকার যখন পশ্চিমা চাপের মুখে; তখন শেখ হাসিনা-মোদির বৈঠকটিকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। কারণ শেখ হাসিনার সঙ্গে বৈঠকের পর গতকালই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গেও বৈঠক করেছেন মোদি। এসব বৈঠক নিয়ে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বেশ আগ্রহ রয়েছে। 

এ বিষয়ে বিএনপির অবস্থান জানতে চাইলে আমীর খসরু বলেন, জি-২০ সম্মেলন নিয়ে বিএনপির কোনো মাথাব্যথা নেই। সেখানে কারা গেল, কী উদ্দেশ্যে গেল তা নিয়ে কোনো আগ্রহ নেই। তবে ভারত ও বাংলাদেশের প্রধানমন্ত্রীর বৈঠক নিয়ে জনমনে অনেক প্রশ্ন রয়েছে দাবি করেন বিএনপির এই নেতা। কী ধরনের প্রশ্ন তা নিয়ে অবশ্য বিস্তারিত কিছু বলতে চাননি তিনি। 

রাজধানীতে বিএনপির গণমিছিল আজ 

সরকারের পদত্যাগ ও দুর্নীতির মামলায় কারাদণ্ড পাওয়া খালেদা জিয়ার মুক্তির এক দফার দাবিতে শনিবার রাজধানীতে দুটি গণমিছিল করবে বিএনপি। 

দলটির কেন্দ্রীয় দপ্তর থেকে জানানো হয়েছে, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে শনিবার দুপুর আড়াইটায় পৃথকভাবে মিছিল দুটি বের হবে। ঢাকা উত্তরের মিছিল শুরু হবে রামপুরার বেটার লাইফ হাসপাতালের সামনে থেকে। মালিবাগ-মৌচাক-কাকরাইল হয়ে মিছিলটি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হবে। একই সময় ঢাকা দক্ষিণ বিএনপির গণমিছিলটি কমলাপুর থেকে শুরু হয়ে আরামবাগ-ফকিরাপুল মোড় হয়ে নয়াপল্টনে যাবে। দুটি মিছিল সেখানে পৌঁছানোর পর সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেবেন বিএনপি মহাসচিবসহ দলের সিনিয়র নেতারা। 

সরকার পতনে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোও রাজধানীর বিভিন্ন পয়েন্টে গণমিছিল করবে। এর মধ্যে বিকাল চারটায় জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে গণতন্ত্র মঞ্চ ও গণঅধিকার পরিষদ (রেজা কিবরিয়া), বিজয়নগর পানির ট্যাংকের সামনে থেকে ১২ দলীয় জোট, পুরানা পল্টন আলরাজী কমপ্লেক্স সামনে থেকে জাতীয়তাবাদী সমমনা জোট, নটর ডেম কলেজের বিপরীত পাশ থেকে গণফোরাম ও পিপলস পার্টি, পুরানা পল্টন থেকে গণঅধিকার পরিষদ (নুর) মিছিল বের করবে। এ ছাড়া সকাল ১০টার দিকে সেগুনবাগিচা স্কুলের সামনে থেকে গণতান্ত্রিক বাম ঐক্য, সাড়ে ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে লেবার পার্টি, দুপুর সাড়ে ১২টায় পুরানা পল্টন থেকে এনডিএম ও বেলা ৩টায় এফডিসি সংলগ্ন অফিসের সামনে থেকে গণমিছিল করবে এলডিপি। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা