প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৩ ২১:১৭ পিএম
আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৩ ২২:০৩ পিএম
রাজধানীতে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে সিপিবির পদযাত্রা। প্রবা ফটো
জাতীয় নির্বাচনের নামে আর কোনো জাতীয় পর্যায়ের প্রতারণা বরদাশত করা হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। তিনি বলেন, ‘নির্বাচনের নামে কোনো প্রহসন দেশের মানুষ মানবে না। গণ-আন্দোলনের মধ্য দিয়ে অতীতের মতোই স্বৈরতন্ত্রের উচ্ছেদ ঘটিয়ে মানুষ ভোটের অধিকার পুনরুদ্ধার করবে।’
শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে নগরীতে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে সিপিবি ঢাকা মহানগর দক্ষিণ কমিটির উদ্যোগে পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এ সময় পদযাত্রা খিলগাঁও রেলগেট থেকে তালতলা মার্কেট হয়ে মালিবাগ রেলগেট পর্যন্ত গিয়ে শেষ হয়। পরে খিলগাঁও তালতলা মার্কেটের সামনে সমাবেশে সিপিবি নেতারা বক্তব্য দেন।
মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, ‘ভোটাধিকারের সংগ্রাম আমাদের মহান মুক্তিযুদ্ধের অন্যতম পূর্বশর্ত সৃষ্টি করেছিল। স্বাধীন দেশে রক্তের বিনিময়ে বারবার ভোটের অধিকার পুনরুদ্ধার করা হয়েছে। বর্তমান সরকার ও রাতের ভোটের সংসদ বলবৎ রেখে কোনো সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। তাই নির্বাচনকালীন নির্দলীয় সরকারের অধীনে আগামী নির্বাচন অনুষ্ঠিত করার কোনো বিকল্প নেই।’
তিনি আরও বলেন, ‘শাসনব্যবস্থায় মানুষের প্রকৃত প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হলে সংখ্যানুপাতিক নির্বাচনব্যবস্থা চালু করতে হবে।’
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মহানগর দক্ষিণ কমিটির সভাপতি শামসুজ্জামান হীরা। সঞ্চালনা করেন সম্পাদকমণ্ডলীর সদস্য সাইফুল ইসলাম সমীর।
এ ছাড়া আরও বক্তব্য দেন সিপিবির সভাপতিমণ্ডলীর সদস্য শাহীন রহমান, মহানগর দক্ষিণ জেলা কমিটির সাধারণ সম্পাদক জলি তালুকদার, শাজাহানপুর শাখার সহসম্পাদক জাহিদ নগর, খিলগাঁও শাখার নেতা হাবিব হাসিবুর রহমান, গোড়ান শাখার সহসম্পাদক অনিক রায় প্রমুখ।