প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৩ ১২:২৭ পিএম
আপডেট : ১৩ আগস্ট ২০২৩ ১২:৫৪ পিএম
বিএনপির ভাইস চেয়ারম্যান মো. আব্দুস সালাম পিন্টু ও জাতীয়তাবাদী যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর মা সালমা খাতুনের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ১০টায় রাজধানীর গুলশান আজাদ মসজিদে এ জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম, সহসাংগঠনিক সম্পাদক শরিফুল আলম, ওবায়দুর রহমান চন্দন, নির্বাহী কমিটির সদস্য আশরাফ উদ্দিন নিজাম, আব্দুস সাত্তার পাটোয়ারী, যুবদলের সিনিয়র সহসভাপতি মামুন হাসান, কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, বিএনপি নেতা রুহুল আমিন আকিল, ডাক্তার মুফক্কর ইসলাম রানা, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি রাশেদুল হক, দৈনিক দিনকালের বিশেষ প্রতিনিধি মহামিদুল হক মানিকসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জানাজার আগে জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু তার মায়ের রুহের মাগফেরাত কামনার করে দেশবাসীর কাছে দোয়া চান।
টুকুর বড় ভাই আব্দুস সালাম পিন্টু বিএনপি সরকারের উপমন্ত্রী ছিলেন। বর্তমানে তিনি কারাগারে আছেন। তার প্যারোলে মুক্তির জন্য আবেদন করা হয়েছে। মুক্তি পেলে জানাজায় অংশ নিবেন তিনি ।
আজ বাদ জোহর জানাজা শেষে টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের গুলিপেচা গ্রামে নিজ বাড়িতে তাকে দাফন করা হবে।
শনিবার (১২ আগস্ট) সালমা খাতুন সন্ধ্যা ৭টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সালমা খাতুনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।