প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৩১ জুলাই ২০২৩ ২০:৩৩ পিএম
আপডেট : ৩১ জুলাই ২০২৩ ২১:১৪ পিএম
কেন্দ্রীয় ১৪ দলের সভা শেষে কথা বলছেন ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র এবং আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু। ছবি : বাসস
বিএনপির দেশবিরোধী ষড়যন্ত্র রুখে দিতে সপ্তাহব্যাপী কর্মসূচি নিয়ে ২ আগস্ট থেকে মাঠে নামছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন কেন্দ্রীয় ১৪ দল। সোমবার (৩১ জুলাই) বিকালে রাজধানীর ইস্কাটনের বাসভবনে কেন্দ্রীয় ১৪ দলের সভা শেষে এ কথা জানান ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র এবং আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু।
আমির হোসেন আমু বলেন, ’২ আগস্ট থেকে আমরা (১৪ দল) মাঠে নামব। সাত দিনের কর্মসূচি আছে। আগামীকাল কর্তৃপক্ষের কাছে দেব। অনুমোদন সাপেক্ষে সপ্তাহব্যাপী এ কর্মসূচি চলবে।’
১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র বলেন, ’আমরা লক্ষ্য করছি, বিএনপি সংবিধান পরিবর্তনের কথা বলছে। সাংবিধানিক ধারা ব্যাহত করে অন্য ধারা প্রবর্তন করতে চায় তারা। তবে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য যে শর্ত দিক মানব, কিন্তু সাংবিধানিক ধারা ব্যাহত করে সংবিধান পরিবর্তন করতে চাইলে সে সুযোগ দেব না।’
বৈঠকে উপস্থিত ছিলেন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জাসদের সাধারণ সম্পাদক শিরিন আখতার, তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারী, গণতান্ত্রিক পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, কমিউনিস্ট কেন্দ্রের আহ্বায়ক ওয়াজেদুল ইসলাম খান।
সূত্র : বাসস