প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩১ জুলাই ২০২৩ ১৮:২৬ পিএম
আপডেট : ৩১ জুলাই ২০২৩ ১৯:১১ পিএম
তিন রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় করে বিদেশি পর্যবেক্ষক দল ও ইলেকশন মনিটরিং ফোরাম। প্রবা ফটো
ইলেকশন মনিটরিং ফোরামের (ইএমএফ) আমন্ত্রণে ঢাকা সফররত বিদেশি পর্যবেক্ষক প্রতিনিধিদলের সঙ্গে বিএনপি বৈঠক না করায় তারা মর্মাহত হয়েছেন বলে জানিয়েছেন ইলেকশন মনিটরিং ফোরাম চেয়ারম্যান মোহাম্মদ আবেদ আলী।
সোমবার (৩১ জুলাই) রাজধানীর গুলশানের একটি হোটেলে তিন রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এ কথা বলেন।
মোহাম্মদ আবেদ আলী বলেন, ’আমরা বিএনপিকে চিঠি দিয়েছি তারা সাড়া দিয়েছে। বিকাল ৪টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু বৈঠক বাতিল করেছেন তা আমরা জানি না। এতে বিদেশি পর্যবেক্ষকরা মর্মাহত হয়েছেন। তারা বলেছেন, আমরা কোনো দলের নয়, আমরা এসেছি সবার কথা শুনতে। আমরা কোথাও হস্তক্ষেপ করছি না, তারপরও কেন বাতিল করল, তা আমাদের বোধগম্য নয়।’
তিনি বলেন, ’রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় করতে চারজন বিদেশি পর্যবেক্ষক এসেছেন। তাদের সবাই সাংবাদিক ও সমাজকর্মী।’
ইলেকশন মনিটরিং ফোরাম কোনো রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করে না জানিয়ে তিনি বলেন, ’আমরা সমাজকর্মী, সমাজের জন্য আমরা কাজ করে থাকি। কাজের ক্ষেত্রে বিশেষ প্রয়োজনে সকলের কাছেই আমাদের যেতে হয়। সে মন্ত্রী হোক আর বিভিন্ন দলের নেতা হোক।’
ইলেকশন মনিটরিং ফোরামের আমন্ত্রণে মতবিনিময় সভায় অংশ নেয় ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ ও ইসলামী ঐক্যজোট।
বৈঠকের আলোচনার বিষয়ে ইলেকশন মনিটরিং ফোরাম চেয়ারম্যান বলেন, ’রাজনৈতিক দলগুলো অংগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচন প্রত্যাশা করছে। যাদের সঙ্গে আলোচনা করেছি সবাই আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে। বিশেষ করে তারা প্রত্যাশা করে যেকোনো রাজনৈতিক সমস্যা আলোচনার মাধ্যমেই সমাধান করা সম্ভব। এটাই পৃথিবীর বিভিন্ন দেশে হয়ে আসছে। আলোচনার বিকল্প কিছু নেই। তারা প্রত্যাশা করছে, আলোচনার মাধ্যমেই সমস্যা সমাধানের। যাদের সঙ্গে আলাপ হয়েছে, তারা অসাংবিধানিক কোনো কিছু প্রত্যাশা করছেন না।’