× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সরকার জনগণের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছে : মান্না

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৩ মে ২০২৩ ১৪:৩৮ পিএম

মঙ্গলবার প্রেস ক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশে কথা বলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। প্রবা ফটো

মঙ্গলবার প্রেস ক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশে কথা বলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। প্রবা ফটো

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মুখে সরকার জনগণের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

তিনি বলেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায় বলছে, বাংলাদেশে একটি ভালো নির্বাচন দাও। নাহয় আমরা আমাদের করণীয় করব। এ প্রেক্ষিতে সরকারের পায়ের নিচে মাটি নেই। মার্কিন নিষেধাজ্ঞার মুখে তারা এখন জনগণের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছে।

মঙ্গলবার (২৩ মে) সকালে রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে গণতন্ত্র মঞ্চের ঢাকা দক্ষিণের পদযাত্রা কর্মসূচির আগে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। অবৈধ সরকারের পদত্যাগ, অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন ও সংবিধান সংস্কারসহ ১৪ দফা দাবিতে প্রেস ক্লাবের সামনে থেকে পদযাত্রা শুরু হয়ে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্ক এলাকায় গিয়ে শেষ হয়।

মাহমুদুর রহমান মান্না বলেন, ‘আওয়ামী লীগ আজ শান্তি সমাবেশের নামে বিরোধী দলের সমাবেশ পণ্ড করছে। মানুষ যখন বলছে এই ভোটচোর, লুটেরা সরকারকে যেতে হবে, তখন তারা নির্বাচনের খেলা খেলতে চায়। আরেকটি তামাশার নির্বাচন করে তারা জনগণের অধিকার হরণ করতে চায়। কিন্তু জনগণ তা হতে দেবে না।’

গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ‘একদিকে সরকার জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে, অন্যদিকে গণতান্ত্রিক দেশগুলো সরকারের কাছ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। এ অবস্থায় সরকারকে বলব, আপনারা সিরাতুল মুসতাকিনের পথ ধরেন। ক্ষমতা থেকে পদত্যাগ করে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন আয়োজন নিয়ে আলোচনা করেন। সেইফ এক্সিটের পথ ধরেন।’ 

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, ‘রাজপথে পুলিশ ও নিজস্ব গুণ্ডা বাহিনী নামিয়ে দিয়ে সরকার বিরোধী দলের আন্দোলন দমাতে চায়। এতে তারা নিজেদের সন্ত্রাসী তৎপরতা সরাসরি প্রকাশ করে ফেলেছে। রাজনৈতিকভাবে দেওলিয়া সরকার পতনের আগমুহূর্তে এমন লম্ফঝম্প করছে। জনগণ রাজপথের দখল নিলে তাদের ক্ষমতা ছেড়ে পালাতে হবে।’

নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ্ কায়সারের এতে আরও বক্তব্য দেন ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামালউদ্দিন পাটোয়ারী প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা