প্রবা ডেস্ক
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২২ ১৮:৩০ পিএম
আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২২ ১১:১২ এএম
আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। ফাইল ছবি
বিদ্যুতের নামে যারা হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে, তারা কীভাবে বিদ্যুৎ খাতের সংস্কার করবে, সেই প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
শুক্রবার সজীব ওয়াজেদ জয় নিজের ফেসবুক পেজে শেয়ার করা একটি ভিডিও পোস্টে এ প্রশ্ন তোলেন।
‘ক্ষমতায় গেলে বিদ্যুৎ খাতে ব্যাপক সংস্কার ও পরিবর্তন আনা হবে’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সম্প্রতি এমন বক্তব্যের জবাবে সজীব ওয়াজেদ জয় বলেন, ‘২০০১ থেকে ২০০৬ পর্যন্ত ক্ষমতায় থাকাকালে বিএনপি ১ মেগাওয়াট বিদ্যুৎও উৎপাদন করতে পারেনি। বিদ্যুতের নাম করে হাওয়া ভবনে সিন্ডিকেট চালু করেছে। সেখানে বসে দলটির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সারা দেশে খাম্বা পুঁতে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে।’
তিনি বলেন, ‘বিএনপির একমাত্র অর্জন হলো ২০০৫ সালে ৩ সেপ্টেম্বর টঙ্গী পাওয়ার স্টেশন ওভারহোলিংয়ের মাধ্যমে সচল করা। এর আনুষ্ঠানিক ফলক উন্মোচন করেন তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। অথচ ফলক উন্মোচন করার পর খালেদা জিয়ার আব্দুল্লাহপুর পৌঁছানোর আগেই পাওয়ার স্টেশন বন্ধ হয়ে যায়। অতীতে বিদ্যুতে তাদের উন্নয়নের এই হলো নমুনা। জনসাধারণ ঠিকই বিএনপির উদ্দেশ্যে বোঝে। তারা যে ফাঁকা বুলি আওড়ায় তা কারও অজানা নয়।‘
প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ‘বিদ্যুৎ খাত নিয়ে বিএনপির তর্ক প্রমাণ করছে তারা নিজেরাও নিজের অতীত সম্পর্কে জ্ঞান রাখেন না। বিদ্যুৎ খাতকে পুঁজি করে যারা হাজার কোটি টাকা লুটপাট করেছিলেন, তারা কীভাবে সেই খাতের উন্নয়নে পরিকল্পনা করতে পারে।’
প্রবা/ইউরি/এমআই