× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ক্ষমতা ধরে রাখতে সরকার ফের পুরোনো কৌশলে : মির্জা ফখরুল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৬ মার্চ ২০২৩ ১৩:০২ পিএম

আপডেট : ০৬ মার্চ ২০২৩ ১৪:৪২ পিএম

বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলামগীরসহ অন্য নেতারা। প্রবা ফটো

বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলামগীরসহ অন্য নেতারা। প্রবা ফটো

সরকার ক্ষমতা ধরে রাখতে মামলা, গ্রেপ্তার, ঘরে ঘরে তল্লাশির মতো আবার পুরোনো কৌশল নিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলামগীর।

তিনি বলেন, ‘এই অনির্বাচিত, ফ্যাসিস্ট সরকার ক্ষমতা কুক্ষিগত করে রাখার জন্য এবং বিএনপিকে নেতৃত্বহীন করার লক্ষ্যে আবার পুরোনো খেলায় মেতে উঠেছে। মিথ্যা-গায়েবি মামলা, গ্রেপ্তার, ঘরে ঘরে তল্লাশি এবং হয়রানি করে নির্যাতন-নিপীড়নের মাত্রা বহুগুণ বাড়িয়ে দিয়েছে।’

সোমবার (৬ মার্চ) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীসহ আরও অনেক নেতাকর্মীকে গ্রেপ্তার করে কারাগারে অমানবিক নির্যাতন শুরু করেছে বলে দাবি করেন মির্জা ফখরুল।

বিএনপি মহাসচিব দলের নেতাদের মধ্যে কারাগারে যারা আছেন তাদের নামও উল্লেখ করেন। তারা হলেনস্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, সহ-প্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি ইউসুফ বিন জলিল কালু, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক গোলাম মাওলা শাহীন, ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান চেয়ারম্যান, ১ নম্বর যুগ্ম আহ্বায়ক মো. আলী ভাটারা থানা, মো. শাহজাহান, ১ নম্বর যুগ্ম আহ্বায়ক গুলশান থানাসহ অসংখ্য নেতাকর্মী।

ফখরুল কারাগারে অসুস্থ দলের নেতা রিজভীকে সুচিকিৎসা দেওয়ার ক্ষেত্রে কারা কর্তৃপক্ষের অবহেলায় গভীর উদ্বেগ প্রকাশ করেন।

মির্জা ফখরুল বলেন, ‘স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনে বুকে ও পায়ে গুলিবিদ্ধ রুহুল কবির রিজভী বর্তমানে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, করোনায় আক্রান্ত হয়ে ফুসফুসের জটিলতা ও হার্টের অসুখসহ বিভিন্ন মারাত্মক অসুখে শারীরিকভাবে অসুস্থ একজন মানুষ। তিনি সিঁড়ি বেয়ে ওপরে ওঠার সময় অন্যের সাহায্য ছাড়া চলতে পারেন না। তা ছাড়া তাকে সব সময় লাঠির ওপর ভর করে চলতে হয়।’

এমন এক পরিস্থিতিতে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে পুরান ঢাকার আদালতে আসার দীর্ঘপথ প্রিজন ভ্যানে তাকে বসানো ছাড়াই আনা-নেওয়া করা হয় বলে অভিযোগ করেন তিনি।

তিনি অবিলম্বে রুহুল কবির রিজভীকে সুচিকিৎসার ব্যবস্থাসহ তার বিরুদ্ধে দায়েরকৃত সব মামলা প্রত্যাহারের দাবি জানান। একই সঙ্গে বিএনপির কারারুদ্ধ সব নেতাকর্মীর মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবি জানান।

সংবাদ সম্মেলনে চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমান, বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন, জাতীয় নির্বাহী কমিটির সমাজকল্যাণবিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন, সহ-আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জয়নুল আবেদিন মেজবাহ, নির্বাহী সদস্য সাঈদ সোহরাব, জেডখান রিয়াজউদ্দীন নসু, তাইফুল ইসলাম টিপু ও তারিকুল আলম তেনজিং উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা