প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০২ মার্চ ২০২৩ ২৩:২৮ পিএম
ছবি : সংগৃহীত
১৯ দিনের ব্যবধানে পাইকারি এবং খুচরা পর্যায়ে আবারও বিদ্যুতের দাম বাড়ানোয় এর প্রতিবাদ জানিয়েছে সাত দলীয় জোট গণতন্ত্র মঞ্চ।
বৃহস্পতিবার (২ মার্চ) রাতে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানায় এ জোটটি।
সন্ধ্যা ৬টায় জোটের অন্যতম শরিক দল রাষ্ট্র সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভায় এ প্রতিবাদ জানান মঞ্চের নেতারা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় নেতৃবন্দ বলেছেন, সরকারের লুটপাট, দুর্নীতি, দুঃশাসনের খেসারত দিচ্ছে জনগণ। অগণতান্ত্রিক সরকার রেকর্ড মূল্যস্ফীতিতে নাভিশ্বাস ওঠা জনগণের দুর্ভোগের তোয়াক্কা না করে বিদ্যুতের দাম দফায় দফায় বৃদ্ধি করছে। গত দেড় মাসে পাইকারি এবং খুচরা পর্যায়ে ৩ দফায় বিদ্যুতের দাম বৃদ্ধি করল সরকার। কিছুদিন আগে রেকর্ড হারে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। গ্যাসের দাম বাড়ানো হয়েছে অস্বাভাবিক হারে।
আগামী ৪ মার্চ যুগপৎ আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে সকাল সাড়ে ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে গণ পদযাত্রা করবে গণতন্ত্র মঞ্চ।
রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ূমের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর, জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডির সহ সভাপতি ও স্থায়ী কমিটির সদস্য মুক্তিযোদ্ধা সিরাজ মিয়া, নাগরিক ঐক্যের প্রেসিডিয়াম সদস্য জিন্নুর চৌধুরী দিপু, গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদের সদস্য মনির উদ্দিন পাপ্পু, ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব হাবিবুর রহমান রিজু।
এছাড়াও উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের যুগ্ন সাধারণ সম্পাদক ডা. জাহেদ উর রহমান, সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার, গণ অধিকার পরিষদের যুগ্ন আহবায়ক মুহম্মদ রাশেদ খান, ফারুক হাসান, ভাসানী অনুসারী পরিষদের যুগ্ন আহবায়ক হাবিবুর রহমান হাবিব, রাষ্ট্র সংস্কার আন্দোলন এর সাংগঠনিক সমন্বয়ক ইমরান ইমন, অর্থ বিষয়ক সমন্বয়ক দিদারুল ভুঁইয়া প্রমুখ।