প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০২ মার্চ ২০২৩ ০০:৩৭ এএম
আপডেট : ০২ মার্চ ২০২৩ ১১:১৯ এএম
তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। সংগৃহীত ফটো
আওয়ামী লীগ ছাড়া অন্য কেউ ক্ষমতায় এলে দরিদ্রদের ভাতা বন্ধ করে দেবে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।বুধবার (১ মার্চ) চট্টগ্রামের রাঙ্গুনিয়ার বেতাগী ইউনিয়নে ডিজিটাল বাংলাদেশের উন্নয়নচিত্রের প্রদর্শনী ও উপকারভোগীদের সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে দরিদ্রদের জন্য ভাতা চালু করেছিল। বিএনপি এসে সেই ভাতা দেওয়ার ক্ষেত্রে প্রচণ্ড অনিয়ম করে। এমনকি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা কমিউনিটি ক্লিনিক করেছিলেন বলে খালেদা জিয়া এসব বন্ধ করে দিয়েছিলেন। ঠিক তেমনি প্রতিটি ইউনিয়নের হাজার হাজার মানুষকে আওয়ামী লীগ যে ভাতা দিচ্ছে, পরবর্তী নির্বাচনে আওয়ামী লীগ ছাড়া অন্য কেউ ক্ষমতায় এলে তা বন্ধ করে দেবে। আওয়ামী লীগ আবারও ক্ষমতায় এলে আরও বেশি মানুষ উপকারভোগীর তালিকায় আসবে।
সভায় সভাপতিত্ব করেন বেতাগী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ শফিউল আলম। ইকবাল হোসেন সবুজ ও মো. আনোয়ারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সেকান্দর চৌধুরী।