বরিশাল প্রতিবেদক
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৩ ১০:১২ এএম
ফাইল ফটো
জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের জন্মদিনের অনুষ্ঠানে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংসদ সদস্যের পাশের চেয়ারে বসাকে কেন্দ্র করে দুই দফায় সংঘর্ষ হয়েছে।
রবিবার (২৬ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার খানপুরা জাতীয় পার্টির উপজেলা কার্যালয়ে এই ঘটনা ঘটে। জাতীয় পার্টির তিন নেতাকর্মী আহত হয়েছেন।
জানা গেছে, চেয়ারম্যানের জন্মদিন পালন উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা জাতীয় পার্টি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল-৩ আসনের সংসদ সদস্য জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপু।
আলোচনা সভায় চেয়ারে বসা নিয়ে রহমতপুর ইউনিয়ন জাতীয় পার্টির সম্পাদক হামিদুর রহমানের সাথে উপজেলা জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক সোহেল হাওলাদারে বাকবিতণ্ডা হয়। এর একপর্যায়ে সোহেল হাওলাদার হামিদুর রহমানকে ‘তুই’ সম্বোধন করেন।
এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। সংসদ সদস্য ও জাতীয় পার্টির অন্যান্য সদস্যদের হস্থক্ষেপে তা বন্ধ হয়। অনুষ্ঠান শেষে দলীয় কার্যালয়ের সামনে দ্বিতীয় দফায় বাকবিতণ্ডার একপর্যায়ে হামিদুর রহমানের লোকজন সোহেল হাওলাদারসহ তিনজনকে মেরে আহত করেন।
চাঁদপাশা ইউনিয়ন সদস্য সচিব মামুন হোসেন খলিফা বলেন, ‘আমার ওপরেও হামলা হয়েছে। আমি বর্তমানে বরিশালের বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন আছি। গতকাল রাতে মাথায় আঘাত লাগায় একটি অপারেশ করতে হয়েছে।’
গোলাম কিবরিয়া টিপু সাংবাদিকদের বলেন, ‘মারামারির ঘটনায় বহিরাগতরা জড়িত। আমরা খতিয়ে দেখছি। দলের কেউ জড়িত থাকলে ব্যবস্থা গ্রহণ করা হবে।’
উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক মকিতুর রহমান কিসলুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তা সম্ভব হয়নি।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিমান বন্দর থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন বলেন, ‘খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। দুই পক্ষের হাতাহাতির হয়, বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটেনি। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় থানায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।’