প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৩১ আগস্ট ২০২২ ২০:৪৭ পিএম
আপডেট : ৩১ আগস্ট ২০২২ ২১:৩০ পিএম
রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
বুধবার (৩১ আগস্ট) বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন সংবাদ ব্রিফিংয়ে বলেছেন, ‘মেডিকেল বোর্ড বিকালে তার সব রিপোর্ট পর্যালোচনা করে তাকে বাসায় যাওয়ার অনুমতি দিয়েছেন।’
খালেদা জিয়ার বর্তমান অবস্থা সম্পর্কে তিনি বলেন, ‘তিনি লিভার সিরোসিসে আক্রান্ত। এ ছাড়াও আরও জটিল রোাগ রয়েছে। লিভার সিরোসিসের রোগের বর্তমান যে অবস্থা, তার জন্য দেশে আর চিকিৎসা সম্ভব নয়। মেডিকেল বোর্ড এজন্য মত দিয়েছে, বিশেষায়িত উন্নত চিকিৎসাকেন্দ্রে ম্যাডামের চিকিৎসা প্রয়োজন। এজন্য তাকে বিদেশ নিতে হবে, এর কোনো বিকল্প নেই।’
গত ২৮ আগস্ট রবিবার রাতে হাসপাতালে নেওয়া হয় খালেদা জিয়াকে। সেখানে গত তিন দিন ধরে তার শারীরিক বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়।
এর আগে গত ২২ আগস্ট বিকালে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে হাসপাতালে নেওয়া হয়েছিল তাকে। মেডিকেল বোর্ডের সুপারিশক্রমে কিছু পরীক্ষা-নিরীক্ষা শেষে ওই রাতেই আবার বাসায় ফেরত যান তিনি।
৭৮ বছর বয়সী খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বাধীন একটি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন। সর্বশেষ গত ১১ জুন এভারকেয়ার হাসপাতালে তার হৃৎপিণ্ডের ব্লক অপসারণ করে একটি ‘স্টেন্ট’ বসানো হয়েছিল।
দুর্নীতির মামলায় দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা ২০১৮ সালে কারাগারে গিয়েছিলেন। দেশে করোনাভাইরাস মহামারি শুরুর পর পরিবারের আবেদনে ২০২০ সালের ২৫ মার্চ তাকে নির্বাহী আদেশে সাময়িক মুক্তি দেয় সরকার। তখন শর্ত দেওয়া হয়েছিল, তাকে দেশে থেকেই চিকিৎসা নিতে হবে। বিএনপি তাকে বিদেশ নেওয়ার দাবি জানিয়ে এলেও সরকারের পক্ষ থেকে সাড়া মেলেনি।
কারাগার থেকে বেরিয়ে খালেদা জিয়া গুলশানের বাসায় ফিরোজাতেই থাকছেন। ২০২১ সালের এপ্রিলে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর তাকে ছয় দফায় ঢাকার বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হয়েছিল।
বহু বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন খালেদা জিয়া। গত বছর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হওয়ার পর তার ‘পরিপাকতন্ত্রে' রক্তক্ষরণ এবং লিভার সিরোসিসে আক্রান্ত হওয়ার কথাও জানান চিকিৎসকরা।
প্রবা/আরকে/এমজে