× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আওয়ামী লীগের কাজই সমস্যাকে ঘুরিয়ে দেওয়া : মির্জা ফখরুল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:৩১ পিএম

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:৩৫ পিএম

বনানী সামরিক কবরস্থানে নিহতদের প্রতি পুষ্পার্ঘ্য অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন মির্জা ফখরুল। প্রবা ফটো

বনানী সামরিক কবরস্থানে নিহতদের প্রতি পুষ্পার্ঘ্য অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন মির্জা ফখরুল। প্রবা ফটো

আওয়ামী লীগ মূল সমস্যায় না গিয়ে সব সময় সমস্যাকে নিজের মতো করে অন্যদিকে ঘোরানোর চেষ্টা করে, তাদের কাজই সমস্যাকে ঘুরিয়ে দেওয়া- এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের বক্তব্যের প্রতিত্তরে তিনি এ কথা বলেন।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর বনানী সামরিক কবরস্থানে বিডিআর বিদ্রোহে নিহতদের প্রতি পুষ্পার্ঘ্য অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল।

এর আগে সকালে আওয়ামী লীগের পক্ষ থেকে ২০০৯ সালে বিডিআর বিদ্রোহের সেনাবাহিনীর নিহত কর্মকর্তাদের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে মাহবুবুল আলম হানিফ বলেছিলেন, ‘পিলখানায় বিডিআর বিদ্রোহে সেনা কর্মকর্তা হত্যাকাণ্ডের দিন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গতিবিধি ছিল সন্দেহজনক।’

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ২০০৯ সালে ৫৭ জন সেনা কর্মকর্তাকে একটি বিদ্রোহের মধ্যদিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়। একটি ভয়াবহ ত্রাসের রাজত্ব কায়েম করার জন্য এটি করা হয়েছে। সেদিন নিহত হওয়া আমাদের সেসব চৌকস সেনা কর্মকর্তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি ও তাদের আত্মার মাগফেরাত কামনা করছি।

সেনা কর্মকর্তাদের হত্যাকাণ্ডকে পরিকল্পিত উল্লেখ করে ফখরুল বলেন, এই হত্যাকাণ্ড পূর্ব পরিকল্পিতভাবে করা হয়েছে, যা ছিল এই দেশের বিরুদ্ধে একটি অত্যন্ত ভয়াবহ চক্রান্ত। এই চক্রান্ত ও ষড়যন্ত্র হয়েছিল এই দেশের স্বাধীন সার্বভৌমত্বের উপর। দুর্ভাগ্যজনকভাবে এই ঘটনার মধ্যদিয়ে আমাদের যে নিরাপত্তা ব্যবস্থা সেটি প্রচণ্ডভাবে আঘাতপ্রাপ্ত হয়। আমাদের যে মহান মুক্তিযুদ্ধ সেই মুক্তি যুদ্ধেও আমরা এতজন সেনা কর্মকর্তা হারাইনি।

তিনি আরও বলেন, এই হত্যাকাণ্ডের মধ্যদিয়ে সবচেয়ে বড় যে ক্ষতি হয়েছে বা প্রচেষ্টাটা চালানো হয়েছে সেটা হলো আমাদের যে গর্ব সেনাবাহিনী নিয়ে তাদের মনোবল ভেঙে দেওয়া। আমি মনে করি, এই ঘটনায় জড়িত প্রকৃত অপরাধীদের বের করে নিয়ে আসা বা দোষীদের বের করে নিয়ে আসা হয়নি।

মির্জা ফখরুল বলেন, আমরা পত্রপত্রিকায় দেখেছি সেনাবাহিনী একটি তদন্ত প্রতিদবেদন তৈরি করেছে, কিন্তু সেটির পূর্ণাঙ্গ চেহারা সেটা কেউ আজও জানতে পারেনি। এছাড়া সরকারের পক্ষ থেকে যে তদন্ত প্রক্রিয়া হওয়ার কথ ছিল সেটা রহস্যজনকভাবে হয়নি। পরবর্তীকালে যে বিচারের ব্যবস্থা হয়েছে সেখানে, দুটি বিষয়ের বিচার হযেছে। একটি হচ্ছে বিদ্রোহ এবং হত্যা অন্যটি বিস্ফোরক মামলা।

এ সময় তিনি নির্দোষ মানুষদের এই মামলা থেকে রেহাই দিয়ে স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার সুযোগ দেওয়ার আহ্বান জানান।

ফখরুল বলেন, সাত হাজারের মতো সৈনিক যারা অনেকেই দাবি করেন যে তারা নির্দোষ, তাদের এখন পর্যন্ত মামলা শুনানি শেষ হয়নি। আমি কিছুদিন আগে কারাগারে গিয়েছিলাম সেখানে গিয়ে দেখি তারা গত তেরো-চৌদ্দ বছর ধরে মানবেতর জীবনযাপন করছে।

বিএনপির মহাসচিব বলেন, আজকে যেটা প্রয়োজন সেটা হচ্ছে সমগ্র জাতি ঐক্যবদ্ধ হয়ে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থা, ১৯৭১ সালের মূল চেতনা ফিরিয়ে আনা। যে গণতান্ত্রিক ব্যবস্থার জন্য মুক্তিযুদ্ধে ৩০ লাখ লোক শহীদ হয়েছে, অসংখ্য মা-বোন সম্ভ্রম হারিয়েছেন সেই গণতান্ত্রিক ব্যবস্থাকে আমরা তুলে ধরি। আমি মনে করি, সমস্ত সংকটের মূলে রয়েছে গণতান্ত্রিক ব্যবস্থা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা